গত বছর ঈদে ‘তোমাদের গল্প’ নির্মাণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বছরে প্রায় পাঁচ কোটি দর্শক নাটকটি উপভোগ করেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদে তিনি নিয়ে এসেছেন ‘তোমাদের গল্প ২’।
মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ৩৫ লাখের বেশি দর্শক দেখেছেন, যা ছাড়িয়ে গেছে ‘তোমাদের গল্প’-এর প্রথম কিস্তির রেকর্ড। নির্মাতা সূত্রে জানা যায়, প্রথম কিস্তিটি ১৩ ঘণ্টায় ১০ লাখ ভিউ অতিক্রম করেছিল, কিন্তু ‘তোমাদের গল্প ২’ মাত্র তিন ঘণ্টায় সেই মাইলফলক স্পর্শ করেছে।
ইউটিউবে নাটকটি দেখে আট হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন। অনেকেই ‘তোমাদের গল্প-২’-কে ব্লকবাস্টার নাটক হিসেবে উল্লেখ করছেন। সুমন হোসেন লিখেছেন, ‘নাটকটির শেষের কান্নাটা ছিল আনন্দের কান্না, অনুভূতির কান্না।’ আব্দুল বাসার লিখেছেন, ‘কবরস্থানের দৃশ্যটি দেখে চোখে পানি চলে এসেছে।’ এনামুল বকুলের মন্তব্য, ‘রাজ কি শেষে কান্না করানো ছাড়া আর কোনো কাজ জানেন না? সত্যিই অসাধারণ।’ সজল খান লিখেছেন, ‘মোস্তফা কামাল রাজের নির্মাণে সত্যিই ম্যাজিক আছে। কী অসাধারণ নাটক দেখলাম! প্রতিটি দৃশ্যই চোখে পানি আনার মতো।’ এমডি তুহিন লিখেছেন, ‘আমার মতো কঠিন মনের মানুষও এই নাটক দেখে কান্না করতে বাধ্য। কারণ এর সঙ্গে পরিবার ও অনুভূতির গভীর সম্পর্ক জড়িয়ে আছে।’
‘তোমাদের গল্প-২’ দেখে অধিকাংশ দর্শকের মন্তব্য, আগের মতো এবারও গল্প ও সংলাপের শক্তিতে দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছেন রাজ। তিনি যাই নির্মাণ করুন না কেন, মানুষের অনুভূতির জায়গাটি খুব ভালোভাবে বোঝেন। একঝাঁক পরিচিত মুখ নিয়ে নির্মিত ঈদের নাটক ‘তোমাদের গল্প-২’ একটি সুন্দর পারিবারিক গল্প হিসেবে ইতোমধ্যে আলোচনায় এসেছে।
সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন জোভান, তটিনী, খাইরুল আলম সবুজ, দিলারা জামান, সাবেরী আলম, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার এবং মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।
চ্যানেল আইয়ে প্রচারের পর বর্তমানে ‘তোমাদের গল্প-২’ সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

