প্রথমবার একসঙ্গে তৌসিফ-মালাইকা

প্রথমবার একসঙ্গে তৌসিফ-মালাইকা

ভালোবাসা, বিচ্ছেদ, ভুল সিদ্ধান্ত এবং পরিস্থিতির টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে পর্দায় দেখা যাবে কেয়া পায়েল ও নতুন মুখ মালাইকা চৌধুরীকে।

কেয়া পায়েলের সঙ্গে তৌসিফকে আগে দেখা গেলেও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘এটি প্রথাগত কোনো প্রেমের গল্প নয়, বরং সম্পর্কের জটিলতা ও মানুষের ভেতরের মানসিক পরিবর্তনের গল্প। নতুন এই রসায়নে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।’

বিজ্ঞাপন

নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। গল্পের ভিন্নতা নিয়ে নির্মাতা জানান, ‘শুধুমাত্র প্রেম নয়, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরের অনুভূতি ও মানসিক রূপান্তরকে আমরা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গল্প ও চরিত্রগুলো দর্শকদের মনে দীর্ঘস্থায়ী রেশ রেখে যাবে বলে আমাদের বিশ্বাস।’

নির্মাতা দলের মতে, এমন কিছু মানুষকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে, যারা গভীর অনুরাগে আবদ্ধ থাকলেও সময়, পরিবেশ ও ভুল সিদ্ধান্তের কারণে এক হতে পারে না। খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে ‘আমার রাজ্যে তুমি’ প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন