অমর একুশে ফেব্রুয়ারি স্মরণে ‘ঢাকা ফিল্ম ক্লাব’ এর উদ্যোগে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ঢাকা বিশ্ব-বিদ্যালয় সড়ক দ্বীপে আয়োজন করেছে। সন্ধ্যা ৭টা থেকে চলবে এ প্রদর্শন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজনের প্রথম দিন শুক্রবার জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ প্রদর্শন হবে। একটি দেশ/ একটি সংসার/ একটি চাবির গোছা/ একটি আন্দোলন/ একটি চলচ্চিত্র’—এই স্লোগানে নির্মাতা জহির রায়হান ১৯৭০ সালে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। জহির রায়হান এই চলচ্চিত্রে ‘একুশে ফেব্রুয়ারি’কে নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানটি ব্যবহার করেছিলেন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ।
দ্বিতীয় দিন শনিবার প্রদর্শন হবে শহীদুল হক খান পরিচালিত ‘কলমীলতা’’। ৫২-এর ভাষা আন্দোলন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রক্তবীজ, এ বিষয়টি নিপুণভাবে ফুটে উঠেছে শহীদুল হক খান পরিচালিত চলচ্চিত্র ‘কলমীলতা’য়। ১৯৮১ সালে এটি মুক্তি পায়। এতে পারিবারিক গল্পের আবহে নির্মাতা একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত টেনে নিয়েছেন গল্প।
চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দেশের মাটি ও মানুষের জন্য, যারা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশে। এতে অভিনয় করেছেন কবরী, বুলবুল আহমেদ, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, গোলাম মুস্তাফা, রোজী সামাদ, রওশন জামিল, টেলি সামাদ প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, বাংলা চলচ্চিত্রে ১৯৫২’র ভাষা আন্দোলন উঠে এসেছে, তবে তা একেবারেই হাতেগোনা। বিস্তৃত পরিসরে এখনও এই ইতিহাস নির্ভর চলচ্চিত্র খুব একটা নির্মিত হয়নি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটে উঠেছে যে সমস্ত চলচ্চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

