আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্থহীনের নতুন নতুন লাইনআপ

বিনোদন রিপোর্টার

অর্থহীনের নতুন নতুন লাইনআপ

দুই সদস্যের ব্যান্ড ছাড়ার ঘোষণার পর নতুন লাইনআপের ঘোষণা দিয়েছে ‘অর্থহীন’ ব্যান্ড। নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার খবর দিয়েছে দলটি। এর মধ্যে দলের আগের গিটারিস্ট শিশির আহমেদের ফেরার খবরও দিয়েছে ‘অর্থহীন’।

ফেসবুকে এক পোস্টে অর্থহীন লিখেছে, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন।’ পোস্টে মার্ক ডনকে ব্যান্ডের ‘হৃৎস্পন্দন’ হিসেবে বর্ণনা করেছে অর্থহীন। এতে লেখা হয়, ‘গত ১০টি অসাধারণ বছর ধরে মার্ক ছিলেন অর্থহীনের হৃৎস্পন্দন। থান্ডারাস ডাবল-বেস থেকে শুরু করে বর্তমান সময়ের জটিল সব ড্রাম গ্রুভ, গিটার, কীবোর্ড সবখানেই তার নিষ্ঠা আর এনার্জি ছিল অতুলনীয়। মিউজিক জগতে এক দশক মানে এক জীবনকাল; আমাদের অ্যালবাম এবং কনসার্টের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

এদিকে সকালে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়ে মার্ক ডন ফেসবুকে লিখেছিলেন, ‘আজ থেকে অর্থহীনের সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হলো। গত ১০ বছরের পথচলা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।’

মার্ক ডন ২০১৬ সালে প্রকাশ হওয়া অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’ রেকর্ডিংয়ের দিনগুলো, ‘ফিনিক্সের ডায়েরি ১’ এবং ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময় নির্ঘুম রাত, আবেগঘন মুহূর্ত, দীর্ঘ অনুশীলন এবং টানা সফরের অভিজ্ঞতা মনে করেছেন।

তিনি বলেন, ‘এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রত্যেকবার ফিরে আসার সময় আমি ব্যান্ডটির জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি।’ গিটারিস্ট এহতেশামকে নিয়ে অর্থহীন লিখেছে, ‘নিজের কাজে একজন ওস্তাদ মানুষ। এহতেশাম তার গিটারের মেলোডি ও টেকনিক্যাল মুন্সিয়ানা দিয়ে আমাদের সাউন্ডে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। ব্যান্ডের সাম্প্রতিক গানগুলো তৈরিতে তার অবদান অনস্বীকার্য।’

নতুন তিনজন মিউজিশিয়ান অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন। এর মধ্যে শিশির আহমেদ গিটার ও কীবোর্ডে ফিরে এসেছেন, যিনি ২০২৩ সালে অর্থহীনের সঙ্গে ২০ বছরের পথচলার ইতি ঘটিয়েছিলেন।

শিশিরের ফেরার খবর দিয়ে অর্থহীন লিখেছে, ‘হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন! আমাদের পুরোনো এবং প্রিয় শিশির ফিরে এসেছে! কীবোর্ড ও গিটারে নতুন মুখের পরিচয় করিয়ে দিয়ে অর্থহীন লিখেছে, ‘আদনান আতিক কীবোর্ড ও গিটারসের মাধ্যমে লাইভ পারফরম্যান্সে নতুন লেয়ার যোগ করবেন এবং গেস্ট ড্রামার শেখ এম রিয়াজ রিদম সেকশনে নতুন শক্তি আনবেন।’ দলটি আরো লিখেছে, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা শিগগির স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার প্রস্তুতি নেব। প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি।’

বর্তমানে ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন