আমার মোবাইলের ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার। তারিখ ৫ অক্টোবর। সময় আনুমানিক ১১টা। আমি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। নানা ধরনের যানবাহনের দিকে তাকাচ্ছি। গন্তব্য আর্মানিটোলা। যাবতীয় বাস-রিকশা দেখা হচ্ছে। কোন বাস যাবে তা জানি না। একটা ভ্যাবসা গরমে মুখোমুখি অবস্থান।

এখন আমি দিশারি নামে একটা ডাইরেক্ট বাসের শেষ দিককার সিটে অবস্থান করছি। তাপমাত্রার ধরনে বড়ই গরমিল মনে হচ্ছে। উপরের পাখাটা একরোখা। লড়বে না। এই হচ্ছে স্বভাব। আর্মানিটোলায় কোন বাস যায় আমি জানি না। তাই বাবুবাজারের বাসে চড়লাম। এই অদ্ভুত পরিস্থিতিতে কবিতা মাথায় আসছে—
‘আব্বা কইতো
বাঁচলে বাঁচার মতো বাঁচ
স্রোতে ভাসে তো মরা মাছ।’
আমি এখন একজন ভদ্রলোকের সাহায্যে আর্মেনিয়ান চার্চের গেটে। গেটে একজন পাহারাওয়ালা। খাতায় নাম এন্ট্রি করে ভেতরে ঢুকলাম। সময় ১২টা ২৫। ঢুকতেই দেখা মেলে খ্রিষ্টান সিমেট্রির। মাঝখানে চার্চ। নাম আর্মেনিয়ান চার্চ। ১৭৮১ সালে আর্মেনীয় ব্যবসায়ী আগা মিনাস ক্যাচিক নামে এক ভদ্রলোকের উদ্যোগে এই আরমানিটোলা এলাকায় চার্চটি নির্মিত হয়। হাঁটার সময় অতি প্রাচীন টমের দেখা মেলে। কিছু কিছু টমে আর্মেনিয়ান ভাষার ব্যবহারও লক্ষ করা যায়। খানিক বাঁক নিলেই জেসাস ক্রাইস্টের অবয়বের দেখা মেলে, যদিও এটার ডান হাতের দেখা মেলে না। পেছনে একটা লাল রঙের ভবনের অস্তিত্বের দেখা মেলে। সামনে লেখা—‘দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।’ অনেকগুলো টমে নামফলকও নেই। নিশ্চয়ই নাম-পরিচয় নেই। তাহলে পরিচয় কী! তাহলে মরার পরও নাম কেন থাকে! আমাদের নাম পরিবার রাখে। আদমের নাম কে রাখল!
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। গন্তব্য তারা মসজিদ। নানা অলিগলি ঠেলে আজব সংমিশ্রণের ঘ্রাণ নাকে টেনে হাঁটছি। পায়ের জুতার আওয়াজ টের পাওয়া যাচ্ছে।
তারা মসজিদের প্রাঙ্গণে এসে পৌঁছলাম। এই মসজিদের সামনে তারকা স্টাইলে ঝরনা আছে। সামনে বড় করে লেখা ‘তারা মসজিদ’। ভেতরে স্থান সংকুলান। প্রতিটি নকশায় তারকা। আচ্ছা, তারা মসজিদের প্রতিষ্ঠাতার নাম যদি হতো বারা তারা!
মুহূর্তেই বৃষ্টি নামল। সাহিত্যে যে বৃষ্টি দেখা যায়, এটার বর্ণনা তার চেয়ে ভিন্ন। দুজন বিদেশি পর্যটক অসহায়ের মতো বারান্দায় বসে আছেন।
বৃষ্টি থামল। এবারের গন্তব্য করতলব খান মসজিদ। এটার নির্মাতা নাকি মুর্শিদকুলি খান। তার পূর্বনাম করতলব। ১৭০০-১৭০৪ সালের আশপাশে এটা তৈরি। আবার বৃষ্টি। কতক্ষণ থামতে হয় কে জানে!
করতলব খান মসজিদের অস্তিত্ব বাইরে থেকে একেবারেই দেখা মিলছে না। আরেকটা মোড় বাঁক নেওয়ার পর দেখা মিলল মসজিদের। ডান দিককার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মূল মসজিদে ঢোকার আগে হাতের বাঁয়ে খানিক খালি জায়গার দেখা মিলল। এখান থেকে এই মসজিদের পাঁচটি গম্বুজের দেখা খানিকটা মেলে। দেশের একমাত্র বাওলি (ধাপযুক্ত কুয়াবিশেষ) বোধ হয় এখানেই দেখা মেলে। সোজা ভেতরে ঢুকলেই উপরে ওঠার সিঁড়ি দেখা যায়। ওখানে একটা মাদরাসারও দেখা মিলবে। উপর থেকে এটার পরিপূর্ণ সৌন্দর্য পরখ করা যায়। এই মসজিদের আশপাশে তাকালে একে ইন্ট্রোভার্ট-মসজিদ বলা যায়।

এখন আমি একটা আবদ্ধ মোড়ে দাঁড়িয়ে আছি। এই মোড়ের অবস্থা বাংলাদেশের অর্থনীতির মতো। গন্তব্য চকবাজার শাহী জামে মসজিদ। এই মসজিদের ফলক থেকে ধারণা করা হয়, এটা ১৬৬৪ খ্রিষ্টাব্দে সুবেদার শায়েস্তা খানের তত্ত্বাবধানে নির্মিত। দেশের অন্যতম প্রাচীন মসজিদ এটি।
অর্থনীতি মোড়ের স্থবিরতা ঠেলে এখন দাঁড়িয়ে আছি মসজিদের ভেতরে। মোগল স্থাপত্যশৈলীর দেখা মিলবে প্রতিটা কোনায়। বিশাল বড় মসজিদের বারান্দাজুড়ে শুয়ে আছে মানুষ। বিশ্রামের জন্য বেশ আরামদায়ক এক মসজিদ। সময়ের হিসাব ভুলে চলে যেতে হবে ছোট কাটরায়।
আমি এখন ছোট কাটরার নিচে দাঁড়িয়ে আছি। এই কাটরাটি নির্মিত হয় শায়েস্তা খানের আমলে আনুমানিক ১৭ শতকে। এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই, মোগল আমলে এমন স্থাপত্য ছিল। এটাকে দেখতে এখন অনেকটা তোরণের মতো দেখায়। আশপাশে দোকানের মেলা।খানিক পথ গেলেই দেখা মেলে বড় কাটরার। একই হাল। দেখে বোঝার উপায় নেই এটার গুরুত্ব। ধ্বংসের অবশেষের আরো অবশেষে হায়াত পার করছে। এককালের সরাইখানা এখন দেখতে ডরাইখানা লাগে! হিসাব না কষে এবার ছুটতে হবে অন্যদিকে।
চকবাজারের সঙ্গেই দেখা মিলে পুরোনো কেন্দ্রীয় কারাগারের। অদ্ভুত সুন্দর এর স্থাপত্য। দূর থেকে তাকালে বোঝারই উপায় নেই এটা কারাগার। খানিক এগিয়ে গেলেই দেখা মিলে প্রিজন সেন্টার মসজিদের। এর স্থাপত্যে নান্দনিকতা আছে। লালে লাল দুনিয়া।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই স্থান থেকে বের হয় শিয়াদের তাজিয়া মিছিল। শাহ সুজার সময় মীর মুরাদ নামে একজন এটি তৈরি করেন। এই হুসাইনি দালানের পাশেই আছে একটা পুকুর। ভেতরে ঢুকতেই নজরে পড়বে একটা মাজারজাতীয় কবর। এখানে প্রার্থনা করে লোকে। এর ঠিক অপরদিকেই দেখা মিলে খোতবা হলের। ইরানি স্থাপত্যেরও খানিক দেখা মিলবে এখানে। মূল ফটক দিয়ে বের হলেই দেখা যায় হুসাইনি দালান মসজিদ। সময়ের হিসাবে বড্ড গরমিল দেখা যাচ্ছে।
গন্তব্য পাওয়া যাচ্ছে না। পুরোনো গলি ধরেই হাঁটার পরিকল্পনায় আছি। এখানকার রাস্তাগুলা দেশের পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবে বলে মনে হচ্ছে না। এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম ঢাকেশ্বরী মন্দির। জাতীয় মন্দির। ধারণা করা হয়, বল্লাল সেন এটা নির্মাণ করেন। এর সবচেয়ে নজরকাড়া অংশ হলো চারটি অভিন্ন শিবমন্দির।
এখন সময় ৪টা ৪০। আমি পুরোনো এক গলির ভেতর দিয়ে হাঁটছি। আলোর অস্তিত্ব এখানে বেমানান। গন্তব্য লালবাগ কেল্লা। গলির মোড় পেরিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। একটা কাউন্টার বন্ধ করে দিয়েছে। সময় শেষ।
শেষ যে টিকিটটা বিক্রি হয়েছে, তা আমার হাতে। লালবাগ কেল্লার দেখা মিলছে। ক্লাস টেনের আরবি ডায়ালগের কথা মনে আসছে; বানিয়ে লালবাগের ডায়ালগ। পরিবিবির উচ্চারণ পুওরিবি। এই দুর্গের দেখা দূর থেকে মিলছে। সূর্য বিদায় নেওয়ার সময় হয়েছে। আলোর ধরন আনারসি। নতুন পাকা টমেটোর মতো দেখাচ্ছে এই কেল্লাকে।

সামনে গিয়ে একটু বাঁয়ে গেলে দেখা মেলে একে একে অনেকগুলো কবরের; কিছু ভেতরে, কিছু বাইরে। দুর্গের একপাশে দেখা মেলে গোপন সুড়ঙ্গের। গেট বন্ধ। এটার কাজ কী ছিল! ঘোড়া হাঁকিয়ে কই ছুটত এই পথ দিয়ে। সুড়ঙ্গ!
এখন চারদিকে বাঁশি বাজছে। সময় শেষ। বের হতে হবে। বের হওয়ার আগে সুন্দর একটা সূর্যাস্তের দেখা মিলল। ঢাকায় এটা দেখা যায় জানতাম না। সূর্য ডুবে যাচ্ছে!
কেল্লার পাশেই মসজিদ। আমি এখন এটার বারান্দায় বসে আছি। হাত-পা ছেড়ে বসে আছি। সুন্দরভাবে দেখা মিলছে কেল্লার দৃশ্যের। মসজিদের পিলারগুলোয় ফাটল। আর কত বয়ে বেড়াবে সময়! ক্লান্তি আসে না! বোরডোম বা একঘেয়েমি আসে না! খসে যাক না! যেভাবে খসে গেছে এসবের কুলি-মিস্ত্রি। ডিজাইনার। গৌরব। নাম না জানা কিংবদন্তি। খসে যাইনি আমি! আলো ধীরে ধীরে চোখের সামনে হারিয়ে গেল। আমি হেলেদুলে বসে আছি। বসেই থাকব খসে পড়া অবধি।
লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

