রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
রোববার দুপুর ৩টায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত ‘উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ বা চিকিৎসা নিতে আসেন না; চিকিৎসকের আন্তরিক আচরণ, মনোযোগ দিয়ে কথা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ। একজন রোগী যখন তার অসুস্থতা ও সমস্যার কথা চিকিৎসকের কাছে তুলে ধরেন, তখন চিকিৎসকের উচিত ধৈর্যসহকারে তার কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া।
তিনি বলেন, চিকিৎসকের আন্তরিক আচরণ একজন রোগীকে মানসিকভাবে স্বস্তি দেয়। একই সঙ্গে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা ও বিশ্বাসও বাড়ে। তাই রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলা, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় হাসপাতালের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন সংসদ সদস্য।
এ সময় তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের চাহিদা ও বিদ্যমান সীমাবদ্ধতার কথা শোনেন। হাসপাতালের চিকিৎসাসেবার পরিধি ও মান বাড়াতে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের প্রতি দাবি জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার উদ্যোগ নিতে হবে।
সভায় হাসপাতাল এলাকার নিরাপত্তা, পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ কামারুজ্জামান কবির প্রমুখ।
এ ছাড়া সভায় সাংবাদিক, সমাজসেবক, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

