আনারস ও দুধ একসঙ্গে বা পরপর খাওয়া উচিত নয়। মানুষের বিশ্বাস, এ দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া ঘটে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এমনকি নির্ঘাত মৃত্যু হয়। এমন ধারণা সবার মনে ভয়ের সঞ্চার তৈরি করে রেখেছে যুগের পর যুগ। আনারস ও দুধ একসঙ্গে বা পরপর খেলে মানুষ মারা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন ধারণা। এ বিষয়টি বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে দুধ এবং আনারসের ভেতরে থাকা উপাদানগুলো সম্পর্কে। দুধের মধ্যে ক্যাসিন (Casein) নামের একটি প্রোটিন থাকে। অন্যদিকে, আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন (Bromelain) নামের একটি বিশেষ ধরনের এনজাইম, যা প্রোটিন ভাঙতে সহায়তা করে। যখন আনারসের এই ব্রোমেলিন দুধের সঙ্গে মিশে, তখন এটি দুধের ক্যাসিন প্রোটিনকে ভাঙে। এর ফলে দুধ ফেটে যায় বা ছোট ছোট দানার মতো গঠন তৈরি হয়। অনেকেই একে দুধের নষ্ট হওয়ার সঙ্গে তুলনা করে এবং স্বাভাবিকভাবেই ভয় পান। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো—দুধ ফেটে যাওয়ার অর্থ তা ক্ষতিকর নয়। সাধারণভাবে দুধ নষ্ট হলে তা ব্যাকটেরিয়ার ক্রিয়ার কারণে ফেটে যায় এবং এমন দুধ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আনারস মেশানো দুধের ক্ষেত্রে এটি ভিন্ন। এখানে দুধ ফেটে যায় মূলত এনজাইমের রাসায়নিক প্রভাবে, ব্যাকটেরিয়ার কারণে নয়। তাই এমন অবস্থায় দুধে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হয় না। তাই এটি শরীরের কোনো ক্ষতি করে না। বর্তমান বৈজ্ঞানিক গবেষণাও এ বিষয়টি সমর্থন করে। এখন পর্যন্ত কোনো গবেষণাতেই প্রমাণ পাওয়া যায়নি যে আনারস ও দুধ একসঙ্গে খাওয়া মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তবে কিছু ক্ষেত্রে ব্যক্তিভেদে সামান্য বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন—পেটব্যথা, অল্প বমি ভাব বা হালকা পাতলা পায়খানা ইত্যাদি। এ ধরনের প্রতিক্রিয়ার পেছনে অনেক সময় মনস্তাত্ত্বিক কারণও কাজ করে। যখন কেউ আগে থেকেই বিশ্বাস করে যে এই দুটি খাবার একসঙ্গে খাওয়া ক্ষতিকর, তখন মানসিক প্রভাবের কারণে স্বাভাবিক হজম প্রক্রিয়ায় অস্বস্তি অনুভূত হয়। আরেকটি বিষয় হলো, আমাদের শরীর সাধারণত টক স্বাদের ফেটে যাওয়া দুধ খেতে অভ্যস্ত নয়।
সাধারণভাবে বলা যায়, আনারস ও দুধ একসঙ্গে খাওয়ার ধারণাটি মূলত একটি সামাজিক মিথ বা কুসংস্কার, যার পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আনারস ও দুধ একসঙ্গে খাওয়ার ভয় অনেকাংশেই সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রভাবের ফল। এটি একটি দীর্ঘদিনের প্রচলিত ভুল ধারণা, যা মানুষের মধ্যে সহজেই ছড়িয়ে পড়েছে। বাস্তবতা হলো, এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরে কোনো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে স্বাভাবিকভাবেই, যাদের হজমসংক্রান্ত কোনো সমস্যা আছে বা যারা আগে থেকেই এই মিশ্রণ খেলে অস্বস্তি অনুভব করেন, তারা এই খাবার এড়িয়ে চলাটাই উত্তম। একই সঙ্গে খাদ্যসংক্রান্ত গুজবের পরিবর্তে বৈজ্ঞানিক তথ্যের ওপর নির্ভর করাই স্বাস্থ্যসচেতনতার অংশ। সুষম খাদ্যাভ্যাস ও সঠিক তথ্যচর্চাই সুস্বাস্থ্যের ভিত্তি।
তথ্যসূত্র : হেলথ লাইন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

