রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে উল্লাস, মিষ্টি বিতরণ

রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে উল্লাস, মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তার নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতা-কর্মীরা স্থানীয় বাসিন্দা, সাধারণ পথচারী, দিনমজুর, রিকশাচালক ও ছাত্র-জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামের মানুষ আনন্দিত বলে জানান স্থানীয়রা। তারা আশা করছেন, জাতীয় রাজনীতিতে জেলার এই কৃতী সন্তানের নতুন দায়িত্ব কুড়িগ্রামের মানুষের জন্যও ইতিবাচক সম্ভাবনা তৈরি করবে।

কলেজ মোড় এলাকার ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, ‘কুড়িগ্রামের সন্তান রিজভী ভাইকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি, রিজভী ভাইয়ের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে।’

মিষ্টি বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের সন্তান বা আঞ্চলিক নেতা নন, তিনি সারা দেশের সর্বস্তরের মানুষের প্রিয় ও আস্থাভাজন নেতা।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও দেশের জন্য রিজভী আহমেদের ত্যাগ, সততা ও একনিষ্ঠ আনুগত্য রয়েছে। রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মধ্যেও রাজপথে তাঁর অবদান অতুলনীয়। দলের জন্য তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও ভূমিকার কথা পুরো জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু আরও বলেন, রিজভী আহমেদের দীর্ঘ রাজনৈতিক ত্যাগের যথাযথ মূল্যায়ন করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা গণতান্ত্রিক রাজনীতির একটি অনন্য ও উজ্জ্বল উদাহরণ।

এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমেদের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মিষ্টি বিতরণ ও পথসভায় জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন এলাকায় এ খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে রাতভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন