অনলাইন প্রতারণা

সানোয়ার হোসেন

অনলাইন প্রতারণা

প্রযুক্তির যুগে স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, ব্যবসা থেকে যোগাযোগ—প্রতিটি ক্ষেত্রেই অনলাইনভিত্তিক সেবা আমাদের নির্ভরতার কেন্দ্রে চলে এসেছে। তবে এই সুবিধার বিস্তারের পাশাপাশি অনলাইন জগতে বেড়ে উঠছে এক অদৃশ্য ঝুঁকি—প্রতারণার জাল, যা প্রতিনিয়ত সাধারণ মানুষকে টার্গেটে পরিণত করে মুহূর্তেই নিঃস্ব করে দিচ্ছে। বর্তমানে এটি একটি সংগঠিত, পরিকল্পিত এবং প্রযুক্তিনির্ভর অপরাধব্যবস্থায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেইক, নকল ওয়েবসাইট এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে প্রতারকরা এমনভাবে ফাঁদ তৈরি করছে, যা সহজে শনাক্ত করা কঠিন। ফলে অনেক ক্ষেত্রেই সচেতন ব্যবহারকারীরাও অজান্তেই এই প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি চাঁদপুরের প্রদ্যুৎ কুমার আচার্য (৪৯) মোবাইলে একটি অচেনা অ্যাপ ইনস্টল করে প্রায় অর্ধ লাখ টাকা হারিয়েছেন। এ ঘটনা বিচ্ছিন্ন নয়—দেশজুড়ে প্রতিনিয়ত এমন অসংখ্য মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। কখনো লোভনীয় অফারের ফাঁদে ফেলে, কখনো ফোনে কথা বলে কৌশলে পিন, OTP বা ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে, আবার কখনো ভুয়া চাকরি, বিদেশে উচ্চশিক্ষা বা বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারকরা মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, নকল অ্যাপ, ভুয়া ওয়েবসাইট কিংবা পরিচিত পরিচয়ে যোগাযোগ—সবকিছুই এখন এই প্রতারণার মাধ্যম হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে অনলাইন প্রতারণার বিভিন্ন ধরন ও কৌশল সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি—

বিজ্ঞাপন

প্রতারণার ধরন ও কৌশল

অনলাইন প্রতারণার মূল ভিত্তি হলো মানুষের মনস্তত্ত্বকে ব্যবহার করা। লোভ, ভয় এবং আবেগ—এই তিনটি বিষয় কেন্দ্র করে প্রতারকরা তাদের কৌশল সাজায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অবিশ্বাস্য কম দামে পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা এখন একটি সাধারণ চিত্র। আকর্ষণীয় ছবি ও প্রলোভনমূলক ভাষা ব্যবহার করে এমন পরিবেশ তৈরি করা হয়, যাতে ব্যবহারকারী যাচাই না করেই অর্ডার করতে আগ্রহী হন। অগ্রিম অর্থ দেওয়ার পর অনেক ক্ষেত্রে পণ্য আর পৌঁছায় না, কিংবা নিম্নমানের পণ্য দিয়ে দায় এড়িয়ে যাওয়া হয়। চাকরির নামে প্রতারণাও দিন দিন বাড়ছে। ‘সহজ কাজ’, ‘উচ্চ বেতন’ কিংবা ‘বিদেশে চাকরি’—এ ধরনের বিজ্ঞাপন দিয়ে আবেদন ফি বা প্রশিক্ষণ ফি নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে চাকরির নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়, যা পরে অপব্যবহারের ঝুঁকি তৈরি করে। ফিশিং ও স্মিশিং প্রতারণার মাধ্যমে ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল ও বার্তা পাঠানো হয়। এসব বার্তায় থাকা লিংকে প্রবেশ করলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা OTP প্রতারকদের হাতে চলে যায়। বর্তমানে এসব বার্তা এতটাই বাস্তবসম্মত যে সাধারণ ব্যবহারকারীর পক্ষে আসল-নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। রোমান্স স্ক্যামও একটি ভয়ংকর প্রবণতা হিসেবে দেখা দিয়েছে। ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরি করে দীর্ঘদিন বিশ্বাস অর্জনের পর অর্থ আদায় করা হয়। অনেক ক্ষেত্রে এই সম্পর্কের আড়ালে আরো বড় ধরনের অপরাধ সংঘটিত হয়, যা ভুক্তভোগীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

প্রযুক্তিনির্ভর প্রতারণার বিস্তার

প্রযুক্তির উন্নয়ন যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহারও বেড়েছে। বর্তমানে ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর বা ভিডিও নকল করা সম্ভব হচ্ছে, যা প্রতারণাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলছে। ফলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এছাড়া নকল ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে। দেখতে একদম আসল প্ল্যাটফর্মের মতো হওয়ায় অনেকেই বুঝতে পারেন না যে তারা একটি ভুয়া সাইটে প্রবেশ করেছেন। একবার লগইন তথ্য দিলে তা সরাসরি প্রতারকদের হাতে চলে যায়।

আন্তর্জাতিক চক্রের বিস্তার

চলতি বছরের ৭ জানুয়ারি অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চীনের পাঁচ নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫১ হাজার সিম জব্দ করা হয়, যা দিয়ে সংঘবদ্ধভাবে প্রতারণা চালানো হচ্ছিল। শুধু চীন নয়, বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে গড়ে উঠেছে এমন আন্তর্জাতিক প্রতারক চক্র। ইতোমধ্যে দেশের ভেতরে ও বাইরে পরিচালিত বিভিন্ন অভিযানে বহু সদস্য গ্রেপ্তার হয়েছে। এসব চক্র অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে দেশে এসে বিয়ের সম্পর্ক তৈরি করে এবং পরে ভুক্তভোগীকে বিদেশে নিয়ে গিয়ে পাচার বা বিক্রি করার মতো গুরুতর অপরাধেও জড়িত রয়েছে।

করণীয়

অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকতে হলে সর্বপ্রথম প্রয়োজন সচেতনতা ও ধৈর্য। যেকোনো অফার, বিজ্ঞাপন বা বার্তা দেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। অচেনা লিংক, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার পোস্টে ক্লিক করার আগে উৎস যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ প্রতারণার বড় একটি অংশই এই অসতর্কতার সুযোগ নেয়। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। OTP, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা পরিচয়-সংক্রান্ত কোনো তথ্য কখনোই অপরিচিত ব্যক্তি বা অযাচাইকৃত মাধ্যমে শেয়ার করা উচিত নয়। এমনকি পরিচিত কারো আইডি থেকেও অস্বাভাবিক কোনো অনুরোধ এলে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এছাড়া মোবাইল বা কম্পিউটারে শুধু নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করা উচিত। সন্দেহজনক ই-মেইল, ফাইল বা লিংক এড়িয়ে চলা এবং নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও ব্যক্তিগত তথ্য প্রকাশে সংযমী হওয়া এবং অচেনা ব্যক্তির সঙ্গে যোগাযোগে সতর্ক থাকা জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...