জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’ আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ আয়োজন। এতে ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশের থাকছে ৭০০টিরও বেশি চাকরির সুযোগ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাকসুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে পরিচিত করা। জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।”
তিনি আরও বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এবার ৭০০টিরও বেশি শূন্যপদ রয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় চাকরির সুযোগের সংখ্যা আরও বাড়তে পারে।
জাকসুর পক্ষ থেকে জানানো হয়, জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্যারিয়ার হাব, ব্র্যাক পরিচালিত। প্লাটিনাম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সিলভার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ।
জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকরা জানান, দিনব্যাপী জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’। এতে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা অংশ নেবেন। ক্যারিয়ার পরিকল্পনা, করপোরেট সংস্কৃতি, সিভি প্রস্তুতি, সাক্ষাৎকারের দক্ষতা এবং পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
এ ছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও কফির ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকছে।
সংবাদ সম্মেলনে ফেরদৌস আল হাসান বলেন, “জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬ শুধু একটি চাকরির মেলা নয়; বরং এটি শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের জন্য নিয়োগ, যোগাযোগ, ক্যারিয়ার শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পরিচিতির একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

