৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত দুই দিনব্যাপী ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’।

গত ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকসুর উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহযোগিতায় এ হেলথ ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে ৩০টি বিভাগের ৩০০-এর বেশি বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আকতার। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন করে ‘ডায়েট অ্যান্ড নিউট্রিশন’ সেবা বুথ স্থাপন করা হয়। সেখানে শিক্ষার্থীদের পরামর্শ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রধান পুষ্টিবিদ মো. সাইফুল্লাহ ফারুকী এবং ডায়েটিশিয়ান আমাতুল্লাহ শারমিন।

সমাপনী দিনে হেলথ ফেস্ট পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সম্মিলিত নারী প্রয়াসের আহ্বায়ক শামীমা তাসনীম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম খান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ।

হেলথ ফেস্টের প্রথম দিন উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান, ন্যাশনাল ডক্টরস ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আহ্বায়ক মারুফ শাহরিয়ার, ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন