নারী শিক্ষার অনন্য এক পাঠশালা ইডেন মহিলা কলেজ, যেখানে শুধু নারীদের উচ্চশিক্ষা অর্জনই নিশ্চিত করা হয় না, বরং জ্ঞানার্জনের পাশাপাশি পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমের প্রতিও তাদের সোচ্চার করা হয়। আর যাবতীয় কার্যক্রম পরিচালনা করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’।
পৃথিবীর সবুজ আঙিনাকে আরো স্থিতিশীল করতে যুগের পর যুগ কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীন ভয়েস সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উদীয়মান নতুন শাখা হিসেবে ঘোষণা করা হয়েছে ইডেন মহিলা কলেজ শাখাকে এবং আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে।
গ্রীন ভয়েসের নবগঠিত শাখা ইডেন মহিলা কলেজের নুসরাত ইমরোজ তিষা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রজ্ঞা মোস্তফা প্রীতি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সামশ।
নবগঠিত শাখা ইডেন মহিলা কলেজের কমিটি ঘোষণা নিয়ে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবির বলেন, ‘ছাত্রীদের নানামুখী কাজে এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, একাডেমিক পড়ার বাইরে এক্সট্রাকারিকুলার কর্মকাণ্ডে নিয়োজিত করা, নেটওয়ার্ক তৈরি এবং কথা বলার জড়তা দূর করার মাধ্যমে তাদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলাই গ্রীন ভয়েসের অন্যতম লক্ষ্য।’
নবনির্বাচিত সভাপতি নুসরাত ইমরোজ তিষা বলেন, ‘গ্রীন ভয়েস মূলত পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। ইডেন কলেজে এই সংগঠনের লক্ষ্য হবে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সবাইকে একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার কাজে যুক্ত করা। এছাড়া ক্যাম্পাসে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক ব্যবহারে সচেতনতা তৈরি এবং পরিবেশ-বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজনে শিক্ষার্থীদের সোচ্চার করাও এই সংগঠনের অভিপ্রায়।’
গ্রীন ভয়েস সংগঠনের নবগঠিত শাখা ইডেন মহিলা কলেজের নির্বাচিত সাধারণ সম্পাদক প্রজ্ঞা মোস্তফা প্রীতি বলেন, ‘গ্রীন ভয়েস সবসময় পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সফল কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গঠনে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে নারীদের পরিবেশ-বিষয়ক নেতৃত্বে এগিয়ে আনতে এবং নারী শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে আমরা বিভিন্ন ধরনের কর্মশালা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করছি। ভবিষ্যতেও একটি টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠনে গ্রীন ভয়েস ইডেন মহিলা কলেজ শাখা সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।’
সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গ্রীন ভয়েস, ইডেন মহিলা কলেজ শাখার এই নতুন নেতৃত্ব পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে এই শাখা ক্যাম্পাসকে যেমন আরো সবুজ ও পরিচ্ছন্ন করে তুলবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে। নতুন এই নেতৃত্বের হাত ধরেই পরিবেশ-সচেতন, দায়িত্বশীল এবং মানবিক এক প্রজন্ম গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

