বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইডেন মহিলা কলেজ’। যুগ যুগ ধরে নারীশিক্ষার এক প্রজ্বালিত প্রদীপ জ্বেলে জাগরণের ভূমিকা পালন করে আসছে এই কলেজ। এখানে নারীদের শুধু শিক্ষা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় না, বরং সফল জীবনযাপনের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তাদের দক্ষ করে তোলা হয়। তেমনই এক কর্মশালার আয়োজন করে গ্রিন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা। বহ্নিশিখা নারীদের সুস্বাস্থ্য ও সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আয়োজন করে ‘পরসেবায় নারী’। যেখানে নারীদের আরো দক্ষ, উন্নত ও আলোকিত নারীতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা’। যেখানে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মাসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহজাহান শেখ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (প্রশাসন-১) শামীম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন গ্রিন ভয়েস ও বহ্নিশিখার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ও আজগর আলী হাসপাতালের কনসালট্যান্ট ড. ঈশিতা বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন। তিনি প্রথমেই বলেন, ‘আমরা নারী, আমরা সব পারি।’ একজন মা যেমন পরিবারের একটি স্তম্ভ, তেমনই একজন নারী একটি সমাজের খুঁটি। ভবিষ্যতে নারীরা সমাজে আরো অনেক ইতিবাচক পরিবর্তন ঘটাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

