বাংলাদেশের দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি নারীদের শুধু শিক্ষার আলোয় আলোকিত করে না, বরং বাংলাদেশের প্রতিটি সেক্টরে গৌরবময় অবদান রাখার জন্য একটি অনন্য বিদ্যাপীঠ হিসেবে ভূমিকা পালন করে।
সম্প্রতি কলেজটির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ একাডেমিক পড়াশোনাকে বাস্তবতার সঙ্গে যুক্ত করতে একটি সেমিনারের আয়োজন করে। যার শিরোনাম ছিল—‘অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করতে পারে।’ এর মূল লক্ষ্য ছিল ব্যাংকিং সেবায় সবাইকে, বিশেষ করে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির মাধ্যমে আর্থিক ব্যবস্থাকে সহজতর করে কীভাবে দেশের অর্থনীতিকে বেগবান করা যায়, তা তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা খাতুন, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন এবং সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. আফরোজা বেগম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ব্যাংক খাতের বাস্তব অভিজ্ঞতাকে সহজ করে তুলে ধরেন, যাতে শিক্ষার্থীরা আর্থিক শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সেবাগ্রহীতা বা কর্মকর্তা হিসেবে যুক্ত হয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারে।
আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল হক মুন্সী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম আরা।
বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল হক মুন্সীর সঞ্চালনায় শুরুতে শিক্ষার্থীদের ব্যাংক খাতের গুরুত্ব সম্পর্কে অবগত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্যে ব্যাংকিং সেবাকে সব শ্রেণির মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নারীরা আর্থিক খাতে সঞ্চয়ের মাধ্যমে মূলধন গঠন ও ঋণকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনায় পুরুষের চেয়ে অধিক দক্ষ হয়ে থাকেন। কিন্তু বাস্তবে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে শতগুণ বেশি বঞ্চিত। তাই তিনি নারী শিক্ষার্থীদের ব্যাংক খাতে এবং নন-ব্যাংকিং আর্থিক খাতে যুক্ত হয়ে গ্রামবাংলার প্রান্তিক নারীদের ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করেন।
প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. শহীদুল ইসলাম জাহিদ বলেন, ব্যাংক খাতকে প্রান্তিক জনগণ ও সব শিক্ষার্থীর জন্য সহজ করতে হবে। যাতে গ্রামীণ মানুষ ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে দেশের আর্থিক ব্যবস্থাকে মজবুত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে অধিক গতিশীলতা আনতে পারেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বর্তমানে ব্যাংক খাতের বাইরে রয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নে একটি বিশাল প্রতিবন্ধকতা হিসেবে প্রতীয়মান। তাছাড়া তিনি সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের ওপর জোর দেন। এরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পান।
ডিপার্টমেন্ট : ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

