দক্ষিণ এশিয়ার সেরা কারাতেকাদের লড়াইয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিল বাংলাদেশের সামারা রহমান। ‘সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অনূর্ধ্ব-১২ কাতা বিভাগে ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সে গৌরব বয়ে এনেছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ৫৬৫ প্রতিযোগী অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে ব্রোঞ্জ পদক জিতে নেয় সামারা।
দিনাজপুরের মেধাবী এই কারাতেকা বর্তমানে নোভেলটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ঢাকার এডুস্পোর্টা বাংলাদেশ কারাতে একাডেমিতে সে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। ছোটবেলা থেকেই কারাতের প্রতি আগ্রহ এবং নিয়মিত অনুশীলনের ফলেই আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের সাফল্য অর্জন করেছে।
সামারার কোচ শরিফ আকন্দ ওয়াফী বলেন, ‘খেলার মধ্যে চেষ্টার কোনো কমতি ছিল না। অনেক ভালো করেছে সামারা। একটা গেম একজন কোচের আবেগ, স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ম্যাচজুড়ে আমি শুধু সামারাকেই দেখেছি। তার চেষ্টা ছিল দুর্দান্ত। সে অসাধারণ একটি গেম খেলেছে।’
ব্রোঞ্জ জয়ের পর সামারা রহমান বলে, ‘দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এই পদক আমাকে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমি নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয় করতে চাই। আমার কোচ, বাংলাদেশ কারাতে ফেডারেশন, আমার স্কুল এবং আমার বাবা-মা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন।’
সামারার বাবা হাসিনুর রহমান বলেন, ‘সামারার এই অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং প্রশিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। আমরা চাই, সে ভবিষ্যতে দেশের জন্য আরো বড় সাফল্য অর্জন করুক।’
কারাতে শুধু প্রতিযোগিতায় পদক জয়ের খেলা নয়, এটি আত্মরক্ষার গুরুত্বপূর্ণ একটি মাধ্যমও। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য কারাতে প্রশিক্ষণ আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে।
এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামারা রহমানের ব্রোঞ্জ জয় শুধু দেশের জন্য একটি আন্তর্জাতিক অর্জন নয়, বরং শিশু ও কিশোরীদের কারাতে এবং আত্মরক্ষা প্রশিক্ষণে আগ্রহী হওয়ার একটি উদাহরণও। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এই কিশোরী কারাতেকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

