নুরুন্নিসা সিদ্দীকা এমপি

যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নই হোক আমাদের অঙ্গীকার

যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নই হোক আমাদের অঙ্গীকার
নুরুন্নিসা সিদ্দীকা এমপি। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন নুরুন্নিসা সিদ্দীকা এমপি।

তিনি বলেছেন, যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নই হোক সবার অঙ্গীকার।

বিজ্ঞাপন

বুধবার এক বিবৃতিতে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে প্রায় ১ হাজার ৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজারো ছাত্র-জনতা। এ আন্দোলনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, আবার কেউ দৃষ্টিশক্তি।

তিনি বলেন, দুই বছর আগে দেশের অসংখ্য ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

বিবৃতিতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

নুরুন্নিসা সিদ্দীকা বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম প্রত্যাশা।

বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে দেশের মানুষ গণরায় দিলেও তা বাস্তবায়নে সরকারের গড়িমসি হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বিভেদ, প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নুরুন্নিসা সিদ্দীকা আহ্বান জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন