বিকাশের টাকা ডাকাতির ঘটনায় পিস্তল-ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিকাশের টাকা ডাকাতির ঘটনায় পিস্তল-ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনা আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেপ্তার করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

পরদিন ২০ নভেম্বর ডিবির একই দল শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিমখণ্ড চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. রবিন আহমেদকে (২২) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা (নং-৩৭) দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আসামি ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির সাতটি এবং রবিন আহমেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন