আবদুল হাই শিকদারের ‘হাবিলদার রজব আলী’

স্মৃতি, ক্ষোভ ও আজাদির অসমাপ্ত পাঠ

স্মৃতি, ক্ষোভ ও আজাদির অসমাপ্ত পাঠ

কবি আবদুল হাই শিকদার যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সময়পর্বের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন এবং তার কবিসত্তাকে বিকশিত করেছেন, সেই সময়টি ছিল নানা সংকট, সংঘাত ও পরিবর্তনের। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, একের পর এক সামরিক অভ্যুত্থান, হত্যা, গুম, স্বৈরশাসনের বিস্তার এবং গণতন্ত্রের ওপর ধারাবাহিক আঘাত এ দেশের ইতিহাসে গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। বিশেষ করে আশির দশকের বাংলাদেশ ছিল রাজনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতায় বিপর্যস্ত। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবি, রাজনীতিবিদদের ঘনঘন অবস্থান পরিবর্তন, ছাত্রসমাজের আন্দোলন এবং রাজপথে মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম জাতীয় জীবনকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। চারদিকে প্রতিবাদ, বিক্ষোভ আর সংঘাতের মধ্যে সাধারণ মানুষের স্বপ্ন ও প্রত্যাশা বারবার বাধাগ্রস্ত হয়েছে; জাতি যেন ক্রমেই হতাশার এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছিল।

একজন কবি তার সময় ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না। ফলে এই রাজনৈতিক টানাপোড়েন, সামাজিক ক্ষত এবং সাংস্কৃতিক সংকট আবদুল হাই শিকদারের কবিমানসেও নানাভাবে প্রতিফলিত হয়েছে। লেখনীতে জাতিসত্তা ও বিশ্বমানবতার প্রকাশের কারণে তাকে ‘জাতিসত্তার কবি’ বলা হয়। তার কবিতায় ব্যক্তিমানুষের অভিজ্ঞতা, সামষ্টিক স্মৃতি এবং জাতিসত্তার প্রশ্ন পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এ কারণেই ইতিহাসের বিস্মৃত অধ্যায় ও উপেক্ষিত মানুষের জীবন তার কবিতায় বিশেষ তাৎপর্য লাভ করেছে। ২০০১ সালে প্রকাশিত লোডশেডিং নামিয়াছে কাব্যগ্রন্থের ‘হাবিলদার রজব আলী’ কবিতা সেই ইতিহাসচেতনারই একটি উল্লেখযোগ্য প্রকাশ বলা যায়।

বিজ্ঞাপন

হাবিলদার রজব আলীর পরিচয় মাইকেল এডওয়ার্ডের লেখা ‘ব্যাটলস অব দি ইন্ডিয়ানস’ গ্রন্থ থেকে পাই—‘চট্টগ্রামের প্যারেড ময়দানে অবস্থানরত ৩০ নম্বর বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা ১৮৫৭ সালের ১৮ নভেম্বর রাত ১১টায় বিদ্রোহের সূচনা করেন। দুঃসাহসী রজব আলী প্রথমে মাত্র ২৪ জন জানবাজ সেনার একটি দল নিয়ে ময়দানের সেনাছাউনিতে গোলার বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহের সূচনা করেন। এই ঝটিকা বাহিনী অবিলম্বে সেনানিবাস, ট্রেজারি ও অস্ত্রাগার হামলা চালিয়ে অধিকার করে নেয়।’

১৮৫৭ সালের মহাবিদ্রোহে সিপাহিদের ভূমিকা ইতিহাসের কেন্দ্রীয় অধ্যায়। সুমিত সরকার তার ‘Modern India’ গ্রন্থে দেখিয়েছেন, বিদ্রোহের পেছনে ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক বঞ্চনা ও সামরিক অপমান একত্রে কাজ করেছিল। রজব আলী সেই স্মৃতির অনুরণন। কবিতায় ‘কার্তুজের তাজা গন্ধ’ তাই শুধু একটি ইন্দ্রিয়গত চিত্র নয়, এটি সেই ঘটনার স্মারক, যা থেকে ইংরেজ সেনাবাহিনীর এনফিল্ড কার্তুজ বিতর্ক শুরু হয়েছিল।

কবিতাটির কাঠামো তিনটি অঙ্গের চারপাশে গড়ে উঠেছে—চোখ, হাত ও পা। প্রথম স্তবকে কবি বলেন, চোখ মেললেই সে কার্তুজের গন্ধ পায়। কিন্তু চোখ বন্ধ রাখা তার ইচ্ছা, আর হাত তার বিশ্বাসঘাতক। এখানে দেখা ও করার মধ্যে বিচ্ছেদ তৈরি হয়। মানুষ জানে কিন্তু কাজ করতে পারে না। হৃদয় অন্যদিকে ঘুরে যায়, যেন নৈতিক আকর্ষণের কেন্দ্র আর ঠিক থাকে না। কবি বলেন :

আমি চোখ মেলে তাকালেই তোমার কার্তুজের তাজা গন্ধ পাই।

অথচ আমার চোখ আমি বন্ধ রেখেছি

আর আমার হাত আমার সাথে বিশ্বাসঘাতকতা করে।

আমার হৃদয়কে ঘুরিয়ে দেয় অন্যদিকে।

আর সমতল অ্যাজমা রোগীদের সাথে একটা জীবন শুকাতে দিয়েছে ছাদে।

‘সমতল অ্যাজমা রোগী’ চরণটি কবিতার অন্যতম অস্বস্তিকর চিত্র। অ্যাজমা শ্বাসরোধের রোগ। এখানে শ্বাসরোধী এক সমাজের ছবি আসে, যেখানে মানুষ ধীরে ধীরে নিঃশ্বাস হারায়, অথচ তাকে ‘সমতল’ বা স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়। ‘ছাদে শুকাতে দেওয়া জীবন’—জীবনকে ছাদে শুকাতে দেওয়ার এই অদ্ভুত চিত্রকল্পে মানুষের অস্তিত্ব যেন তার স্বাভাবিক গতিশীলতা হারিয়ে একটি জড় বস্তুতে পরিণত হয়েছে। জীবন এখানে আর উদ্‌যাপনের বিষয় নয়, বরং প্রতিকূলতার রোদে মেলে রাখা এক অসহায় বাস্তবতা।

দ্বিতীয় স্তবকে কান্না ও মূল্যের প্রশ্ন আসে। ‘দক্ষিণ এশিয়ার দরিদ্রতম দেশের অশ্রু’ এবং ‘বাদাম খোসার চাইতেও পাতলা’ চরণ দুটি তীব্র ব্যঙ্গ। ব্যঙ্গ এখানে আত্মব্যঙ্গও বটে। কবি নিজের কান্নাকে মূল্যহীন মনে করে, কারণ তার দেশ নিজেই বৈশ্বিক হিসাবে সবচেয়ে সস্তা জায়গায় দাঁড়িয়ে। অর্থনৈতিক সূচকের ভাষা এখানে কবিতার ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তাকে আবেগহীনভাবে ব্যবহার করা হয়নি—তোমার জন্য কাঁদব রজব আলী।

পরের স্তবকে অন্ধকারের চিত্র সবচেয়ে ঘন হয়ে ধরা দেয়। ‘ঝুলকালি মাখা গ্রাম’, ‘নোংরা বস্তির সকল সামান্যতায় পুঞ্জীভূত বারুদ’, ‘ক্রোধান্ধ দৈত্য’ ও ‘কালো রাত গোঁয়ারদের মতো দুই গোঁফে মোচড়’ এখানে একটি বিস্ফোরণের প্রস্তুতি তৈরি করে। কিন্তু বিস্ফোরণ ঘটে না। সব ক্রোধ ঘুরে ফিরে যেন কবির মাথার ওপর চেপে বসে। নাম এবং শিরোনামের ‘লোডশেডিং’ এই অচলাবস্থার সবচেয়ে সরল ও সবচেয়ে ভয়ংকর রূপক। আলো নিভে যাওয়া মানে রাষ্ট্রের জবাবদিহিহীনতা, যেখানে সবাই অপেক্ষা করে, অথচ কেউ জানে না আলো কখন ফিরবে। কবির ভাষায় :

নোংরা বস্তির সকল সামান্যতায় পুঞ্জীভূত হয় বারুদ।

আর কষ্ট গড়িয়ে গড়িয়ে নামে পেটে,

পেট থেকে ক্রোধান্ধ দৈত্য চেপে ধরে মাথার ঝুঁটি

আর আমি উত্তপ্ত বাঁশের স্পর্ধিত বেল্লার পাশে উড়তে থাকি ওহাবি নিশান।

কবিতার সবচেয়ে ঘন দেশীয় ও ধর্মীয় শব্দভান্ডার এসেছে ‘ওহাবি নিশান’ চরণে। এখানে ‘ওহাবি’ শব্দটি ঐতিহাসিক অর্থে ব্যবহৃত, অর্থাৎ উনিশ শতকের ভারতীয় মুসলমান সংস্কার আন্দোলনের সেই ধারা, যাকে ইংরেজ প্রশাসন ‘ওহাবি’ নামে চিহ্নিত করেছিল। কিন্তু এটার ধর্মীয় তাৎপর্য আলাদা। সৈয়দ আব্দুল কুদ্দূস যথার্থই বলেন, “আধুনিক যুগে ইসলামী রেনেসাঁর উৎপত্তি মূলত অষ্টাদশ শতকের ‘ওহাবি’ আন্দোলন থেকে। দার্শনিক ও আদর্শগত দিক থেকে এই রেনেসাঁর ইতিহাস মূলত ওহাবি আন্দোলনেরই ধারাবাহিকতা।” মহাকবি ইকবাল এই আন্দোলনকে আখ্যা দিয়েছেন—‘The first throb of life in modern Islam.’ অর্থাৎ, ‘আধুনিক ইসলামের প্রথম হৃৎস্পন্দন’ হিসেবে।

একই সঙ্গে ১৮৩১ সালে তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাসে এক অনন্য প্রতীক। নারিকেলবাড়িয়ায় বাঁশ ও মাটির দুর্গ গড়ে তিনি ইংরেজ ও জমিদারি শোষণের বিরুদ্ধে লড়েছিলেন। কবিতার ‘উত্তপ্ত বাঁশের স্পর্ধিত বেল্লা’ চরণটি সেই স্মৃতির সঙ্গে সরাসরি না মিললেও এর প্রতীকী অনুরণন স্পষ্ট। বাঁশ এখানে নিরস্ত্র মানুষের প্রতিরোধের উপকরণ, আর ‘উড়তে থাকি’ ক্রিয়াটি সেই প্রতিরোধের অস্থির ও অসহায় গতি। কবি বলতে চান, প্রতিরোধের পতাকা তুলে ধরাও ক্রমেই এক ধরনের শূন্যতায় পরিণত হয়।

শেষ স্তবকের ‘হুইসেল’ ও ‘প্যারেড গ্রাউন্ড’ শব্দ দুটি সামরিক শৃঙ্খলার স্মৃতি জাগায়। কবি জানেন, তিনি রজব আলীর মতো ‘হুইসেল শুনবেন’, অর্থাৎ আহ্বানও শুনবেন; কিন্তু ‘পা’ তাকে প্যারেড গ্রাউন্ড থেকে তুলে ভাগাড়ে ফেলে দেয়। এখানে আনুগত্য ও পলায়ন একই শরীরের দুই দিক। সর্বশেষ চরণ ‘দৈত্য’ এসে গলা চেপে ধরে, যেন ইতিহাস নিজেই এক অশরীরী উপস্থিতি, যা থেকে মুক্তি নেই। সেই আক্ষেপে কবি বলেন :

আমি জানি, আমি চোখ মেলে তাকালেই তোমার হুইসেল শুনব।

কিন্তু রজব আলী, দেখো, কী অসীম মাইল মাইল হাহাকার—

আমাদের গলার ওপর পা তুলে দাঁড়িয়ে রয়েছে ভূত।

এই কবিতা আজাদির ইতিহাসকে সরাসরি উদ্‌যাপন না করে প্রশ্ন তোলে। ১৮৫৭ থেকে ১৯৪৭ এবং ১৯৭১ পর্যন্ত স্বাধীনতার যে দীর্ঘ পথ, তার প্রতিটি মোড়ে রজব আলীর মতো মানুষেরা ছিল, অথচ তাদের নাম প্রায়ই জাতীয় বর্ণনায় হারিয়ে গেছে। রণজিৎ গুহ ‘Elementary Aspects of Peasant Insurgency in Colonial India’ গ্রন্থে দেখিয়েছেন, ঔপনিবেশিক ইতিহাসচর্চা সাধারণ মানুষের প্রতিরোধকে প্রায়ই রাজনৈতিক চেতনাহীন বিশৃঙ্খলা হিসেবে লিখেছে। কবি যেন সেই বিস্মৃতির ভেতরেই দাঁড়িয়ে আছে।

‘হাবিলদার রজব আলী’ কেবল ১৮৫৭ সালের একটি বিস্মৃত বিদ্রোহের স্মৃতিচারণ নয়; এটি স্বাধীনতার উত্তরাধিকার বহন করতে ব্যর্থ একটি জাতির আত্মজিজ্ঞাসারও স্মারক। রজব আলী এখানে ইতিহাসের একজন বিদ্রোহী সৈনিকের নামমাত্র না হয়ে প্রতিরোধের সেই বিস্মৃত ঐতিহ্যের প্রতিনিধি, যার রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখেছে। অথচ স্বাধীনতার এতগুলো অধ্যায় পেরিয়েও মানুষের মুক্তি, মর্যাদা ও ন্যায়বিচারের প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...