আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরবি কবিতায় ঈদুল ফিতর

আনন্দ-বেদনার প্রতিফলন

ডেস্ক রিপোর্ট

আনন্দ-বেদনার প্রতিফলন

আরবি কবিতায় ঈদ এক বহুমাত্রিক অনুভূতির নাম। প্রাচীনযুগ থেকে ঈদের দিন আরব কবিদের কল্পনা ও চেতনায় গভীর ছাপ রেখেছে। উদাহরণস্বরূপ আব্বাসীয় যুগের প্রখ্যাত কবি আল মুতানাব্বি তার ঈদ-সংক্রান্ত কবিতায় রাজকীয় জাঁকজমক, শক্তি ও মর্যাদার প্রতিফলন ঘটিয়েছেন। তার কাছে ঈদ কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং রাষ্ট্রশক্তি ও ব্যক্তিগত গৌরবের এক উজ্জ্বল মঞ্চ। অন্যদিকে আন্দালুসিয়ার কবি ইবন জায়দুনের কবিতায় ঈদ ব্যক্তিগত অনুভূতির রঙে রঞ্জিত। প্রিয়জন থেকে বিচ্ছেদের বেদনায় তার কাছে ঈদের আনন্দ অপূর্ণ থেকেছে। ফলে ঈদের চাঁদ তার কবিতায় আনন্দের প্রতীক হলেও তা কখনো কখনো স্মৃতির বিষাদও জাগিয়ে তোলে।

আধুনিক যুগে এসে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ ঈদকে দেখেছেন দখলদারিত্ব ও বেদনার প্রেক্ষাপটে। তার কবিতায় ঈদ কেবল উৎসব নয়, বরং স্বাধীনতার আকাঙ্ক্ষা, নির্বাসনের যন্ত্রণা এবং জাতীয় চেতনার প্রতিধ্বনি। এভাবে আরব কবিদের চোখে ঈদ একদিকে ইবাদতের দীপ্তি, অন্যদিকে সামাজিক সংহতির উল্লাস, আবার কখনো ব্যক্তিগত বা জাতীয় বেদনার ভাষা। সময়, সমাজ ও ব্যক্তিগত অভিজ্ঞতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঈদের কবিতাও নতুন অর্থ ও নতুন ব্যঞ্জনা লাভ করেছে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা ও আগমনী আনন্দ

ঈদের চাঁদ আরবি কাব্যে এক অনন্য প্রতীক—সংযমের সমাপ্তি, পুরস্কারের সূচনা এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের আলোকচিহ্ন। রমজানের দীর্ঘ সিয়াম সাধনার পর দিগন্তে উদিত সরু রুপালি রেখাটি যেন দয়া ও প্রাচুর্যের ঘোষণা। আব্বাসীয় যুগের কবি ইবনুর রূমী রমজানের বিদায় ও ঈদের চাঁদের আবির্ভাবকে গভীর মানবিক আবেগে এঁকেছেন। তার কাব্যে চাঁদ কখনো বৃদ্ধের শুভ্র ভ্রূ—সময়ের অভিজ্ঞতায় দীপ্ত; কখনো নীরব গৌরবের প্রতীক, যা সংযমের সফল সমাপ্তির বার্তা দেয়। চাঁদের ইশারা যেন বলে—ক্লান্তি শেষ, এখন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগের পালা।

অন্যদিকে ইবনুল মু‘তায-এর কাব্যে ঈদের চাঁদ মিলনোৎসবের আহ্বান। তার ভাষায় এটি রুপালি নৌকা, যা আনন্দের তীরে ভিড়তে ডাকে; আবার অ্যাম্বারের মতো নত ও সুগন্ধময়, যা হৃদয়ে মুগ্ধতার আবেশ ছড়ায়। এখানে চাঁদ কেবল আকাশের জ্যোতিষ্ক নয়—বন্ধুত্ব, সামাজিক সান্নিধ্য ও প্রভাতের মিলনের প্রতিশ্রুতি। এভাবে আরব কবিদের কল্পনায় ঈদের চাঁদ বহুমাত্রিক অর্থে উদ্ভাসিত—সংযমের সার্থকতা, কৃতজ্ঞতার দীপ্তি এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগের আলোকবর্তিকা।

ঈদের প্রকৃত অর্থ : অন্তরের পরিশুদ্ধি

ঈদের বাহ্যিক রূপ যতই বর্ণিল হোক, আরব কবিদের দৃষ্টিতে এর আসল মাহাত্ম্য নিহিত অন্তরের রূপান্তরে। নতুন পোশাক বা উৎসবের উল্লাস নয়; বরং আত্মসমালোচনা, ক্ষমাপ্রাপ্তি এবং স্রষ্টার নৈকট্যই প্রকৃত সাফল্য। আন্দালুসীয় আলেম-কবি আবু ইসহাক আল ইলবিরি স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন—সত্য ঈদ সেই দিন, যেদিন মানুষ পাপ থেকে মুক্তি পায়। তার কবিতায় বাহ্যিক জাঁকজমককে তুচ্ছ করে অন্তরের জীর্ণতা ও পবিত্রতার বৈপরীত্য তুলে ধরা হয়েছে। নতুন পোশাকে আচ্ছাদিত হৃদয় যদি অহংকারে কলুষিত থাকে, তবে তা ঈদের মর্যাদা পায় না; আবার জীর্ণ বস্ত্রেও যদি থাকে আল্লাহভীরু হৃদয়, তবে সেই মানুষই প্রকৃত সম্মানের অধিকারী।

আধুনিক কালের কবি মুহাম্মদ আল আসমার ঈদকে দেখেছেন দানের ঋতু হিসেবে। তার কণ্ঠে ঈদ মানে শুভ্র মন, কল্যাণের বীজ বোনা, দুঃখমোচন ও সান্ত্বনার হাত বাড়ানো। এখানে ঈদ এক সামাজিক অঙ্গীকার—অন্ধকারে আলো জ্বালানো, কষ্টের দেয়াল ভেঙে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। এই ধারায় ঈদ কেবল আনন্দের দিন নয়; এটি আত্মশুদ্ধির উপলক্ষ, নৈতিক নবজাগরণের আহ্বান এবং মানবিক দায়বদ্ধতার স্মারক।

রাজদরবারে ঈদ : প্রশস্তি ও ক্ষমতার ভাষ্য

আরবি কাব্যে ‘ঈদিয়্যাত’ এক বিশেষ ধারা, যেখানে ঈদকে ঘিরে রচিত হতো রাজকীয় প্রশস্তি। ধর্মীয় আবহে কবিরা শাসকের নৈতিকতা, দানশীলতা ও সামরিক শক্তিকে ঈদের মহিমার সঙ্গে একসূত্রে গেঁথে তুলতেন। ফলে ঈদ কেবল আধ্যাত্মিক আনন্দ-উল্লাসের দিনেই সীমাবদ্ধ থাকত না; বরং তা রাষ্ট্রশক্তির প্রতীকী মঞ্চে রূপ নিত। আব্বাসীয় যুগের প্রখ্যাত কবি আল বুহতুরি খলিফা আল মুতাওয়াক্কিলকে উদ্দেশ করে রচিত কবিতায় রোজা ও ঈদের পবিত্রতাকে শাসকের ব্যক্তিগত গুণাবলির সঙ্গে যুক্ত করেছেন। সেখানে রোজা পালন ও সুন্নতের অনুসরণ যেন শাসকের নৈতিক শ্রেষ্ঠত্বের প্রমাণ; আর ঈদের দিন তার জন্য ইতিহাসের কপালে লেখা এক উজ্জ্বল অধ্যায়।

অন্যদিকে আরবি কাব্যজগতের আরেক উজ্জ্বল নক্ষত্র আল মুতানাব্বি সাইফুদ্দৌলাকে এমনভাবে মহিমান্বিত করেছেন, যেন সময়, রোজা ও ঈদ—সবই তার উপস্থিতিতে দীপ্ত। এখানে সূর্য-চন্দ্র পর্যন্ত রূপক হয়ে দাঁড়ায় শাসকের গৌরবের সামনে। এই ধারার কবিতায় ধর্মীয় পবিত্রতা ও রাজনৈতিক ক্ষমতা পরস্পরকে শক্তিশালী করে। ঈদ হয়ে ওঠে আনুগত্যের ভাষা, রাজকীয় মহিমার ঘোষণা এবং কাব্যিক অলংকারে মোড়া ক্ষমতার দলিল।

ঈদ : ব্যক্তিগত শোকের প্রতিধ্বনি

আরবি কাব্যে ঈদ প্রসঙ্গ সবসময় উল্লাসের প্রতীক হয়ে ওঠেনি। বহুস্থানে এটি ব্যক্তিগত শোক, নির্বাসন ও পতনের বেদনাকে ধারণ করেছে। আনন্দের দিনও তখন হয়ে ওঠে স্মৃতির ক্ষত উন্মোচনের উপলক্ষ। আব্বাসীয় যুগের মহাকবি আল মুতানাব্বির বিখ্যাত পঙ্‌ক্তিতে ঈদকে প্রশ্ন করা হয়েছে—সে কি নতুন সুখ নিয়ে এসেছে, নাকি পুরোনো বেদনাকেই ফিরিয়ে দিয়েছে? প্রিয়জন থেকে দূরত্ব, মরুভূমির ব্যবধান, আর অপূর্ণ আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ঈদ সেখানে এক নিঃসঙ্গ আর্তি। উৎসবের দিনও হৃদয় ভারী থাকে বিচ্ছেদের কারণে।

আন্দালুসের শেষ যুগের শাসক-কবি আল মু‘তামিদ ইবন আব্বাদ বন্দিত্বে ঈদের অভিজ্ঞতাকে আরো করুণ রূপ দিয়েছেন। একসময় যার প্রাসাদে ঈদের জাঁকজমক ছিল, তিনি কারাগারে বসে দেখেন তার কন্যারা দারিদ্র্যে দিন কাটাচ্ছে। ঈদ তখন আর ভোগ-বিলাসের নয়; বরং হারানো গৌরব, অপমান ও অনুতাপের নির্মম স্মারক। এখানে ঈদ আনন্দের আলোকবর্তিকা নয়, বরং সময়ের নিষ্ঠুরতার আয়না—যেখানে ব্যক্তিগত পতন, নির্বাসন ও হাহাকার স্পষ্ট হয়ে উঠেছে।

কারাগারের শিকের ফাঁকে ঈদ

কারাগারের অন্ধকারে ঈদ এক ভিন্ন অর্থ ধারণ করে। বাইরে যখন তাকবিরের ধ্বনি, আলোর সাজ, পরিবার-পরিজনের মিলন—ভেতরে তখন স্মৃতি, বঞ্চনা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। ঈদ সেখানে আনন্দের নয়; বরং স্বাধীনতার অনুপস্থিতিকে আরো তীক্ষ্ণ করে তোলা এক দিন। ঐতিহাসিক সূত্রে পরিচিত বন্দি-কবি আমর খলিফা আন নামির পঙ্‌ক্তিতে ঈদের রাত অন্যদের বুকে স্বস্তি বয়ে আনলেও তার জন্য তা অশ্রুর প্রতীক। সন্তানদের মুখচ্ছবি কল্পনায় ভেসে ওঠে, অথচ তিনি তালাবদ্ধ কক্ষে আবদ্ধ—এই বৈপরীত্যই ঈদের বেদনা তীব্র করে তোলে।

সমকালীন ইসলাহী (সংস্কারবাদ) ধারার কবি শাইখ ইবরাহীম ইজ্‌জাতের কণ্ঠে ধ্বনিত হয় বন্দি পিতার আর্তি। ঘরে শিশুরা অপেক্ষমাণ, স্ত্রীর চোখে নীরব অশ্রু; কিন্তু ঈদের দিনও কারাবন্দি পিতা ফিরে আসেন না। ফলে ঈদ এখানে মিলনের প্রতীক নয়, বরং অপূর্ণতার স্মারক। এখানে ঈদ যেন মুক্ত আকাশের প্রতিশ্রুতি হয়ে উঠেছে, যা বন্দি হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরো প্রবল করে তোলে। শিকের ফাঁকে দেখা আকাশের ছোট্ট টুকরোই তখন ঈদের চাঁদের মতো—দূর, দীপ্ত, অথচ অধরা।

জাতীয় বেদনা ও ঈদ

যখন কোনো জাতি পরাধীনতা, দখল বা বিপর্যয়ের ভেতর দিয়ে যায়, তখন ঈদের আনন্দ নিখাদ থাকে না। তাকবিরের ধ্বনি আর অশ্রুর স্রোত পাশাপাশি বয়ে চলে। উৎসব তখন আত্মসমালোচনা, স্মরণ ও প্রতিবাদের দিনেও রূপ নেয়। সিরীয় চিন্তাবিদ-কবি উমর বাহাউদ্দীন আল আমীরি ঈদকে কেবল উল্লাসের দিন হিসেবে দেখেন না। তার প্রশ্ন—এ কি সত্যিই সুখের ঈদ, নাকি আত্মসমীক্ষার সময়? মাতৃভূমি যখন দগ্ধ, মানুষ যখন নিরাপত্তাহীন, তখন ঈদের আনন্দও যেন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এখানে ঈদ এক নৈতিক জাগরণের আহ্বান।

ফিলিস্তিনি কবি ফাদওয়া তুকান শরণার্থী জীবনের প্রেক্ষাপটে ঈদের বেদনাকে রূপ দিয়েছেন। আলোকোজ্জ্বল শহরের বিপরীতে তাঁবুর ছায়ায় বসে থাকা মানুষের ছবি—এই বৈপরীত্যেই ধরা পড়ে জাতিগত ট্র্যাজেডি। ইয়াফার স্মৃতি, শিশুহাসি, হারানো ঘর—সব মিলিয়ে ঈদ সেখানে আনন্দের নয়; বরং স্বদেশচ্যুতির ক্ষতচিহ্ন। এসব কবির কাব্যে ঈদ হয়ে উঠেছে স্মৃতির শপথ, অবিচারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ এবং মুক্ত স্বদেশের আকাঙ্ক্ষার ভাষা।

এভাবে আরব কবিদের কাব্যে ঈদ কখনও রমণীয় চাঁদের হাসি, কখনো ক্ষমতার অলংকার, কখনো কারাগারের নীরব আর্তি, আবার কখনো বা স্বদেশহারা মানুষের অশ্রু হিসেবে প্রতিফলিত হয়েছে। একই দিন—তবু অভিজ্ঞতা ভিন্ন, ব্যাখ্যা ভিন্ন, বোধও ভিন্ন। এই বৈচিত্র্যই ঈদের প্রকৃত তাৎপর্য উন্মোচিত করে।

ঈদ কেবল উৎসব নয়; এটি মানুষের আধ্যাত্মিক, সামাজিক ও ব্যক্তিগত বহুমাত্রিক অভিজ্ঞতার প্রতীক। আধ্যাত্মিক দিক থেকে ঈদ আত্মসমালোচনা, ক্ষমাপ্রাপ্তি এবং স্রষ্টার নৈকট্য লাভের উপলক্ষ। সামাজিক দিক থেকে এটি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও দানের হাত প্রসারিত করার এবং জাতীয় চেতনা উজ্জীবিত করার সময়। ব্যক্তিগত ও জাতিগত বেদনার ক্ষেত্রে ঈদ স্মৃতি, বিচ্ছেদ ও অনিশ্চয়তার আয়নায় পরিণত হয়। ঈদ আসুক ফিরে—যেখানে আনন্দ হবে কলুষমুক্ত, ক্ষমা হবে সর্বজনীন, ভ্রাতৃত্ব অটুট এবং সমগ্র উম্মাহ ভরে উঠবে মুক্তি, ন্যায় ও আলোর মহোৎসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন