বাঙালি মুসলমানের আকিদা

হিকমাত জহুর

বাঙালি মুসলমানের আকিদা

আমাদের আকিদা কি জানেন?—অদৃশ্য এক মায়া

কিছুটা কাতর মোহ—আর বাকিটা নিজের ছায়া

বিজ্ঞাপন

যতই ধরতে যাই, ধরাই দেয় না—

গোসলখানায় যেন গায়ে মাখা সাবানের ফেনা।

আমাদের আকিদায় কী থাকে জানেন?

মাংস—প্রাণিজ আমিষ

কিছুটা পিচ্ছিল মেদ, বাকিটুকু বিষ

শুধুই ওজনে বাড়ে—খুব একটা কাজে আসে না।

আমাদের আকিদায় আর কি চিজ থাকে জানেন?

জোব্বা আর শিন্নি—

কিছুটা হাদিয়া আসে—বাকিটুকু রেঁধে দেন গিন্নি—

কয়েদিদের খাবার যেন শাস্তি ও পাপের দেনা।

আমাদের আকিদায় আর কী চিজ থাকে জানেন?

বিবির চুম্বন আর সহবাস—

কিছুটা ইচ্ছায় করে—আর অনিচ্ছায় বারো মাস

যুদ্ধবন্দি নারী যেন কিছুতেই না বলা যাবে না।

আমাদের আকিদা পর্দানশিন

সতর খোলে না—

ঘরে কিংবা বাইরে থাকুক—লুঙ্গি ভোলে না

নফসের জেহাদ ভালই বোঝে—লড়াই বোঝে না।

আমাদের আকিদা লাজুক খুব—

যেন লজ্জাবতী লতা—ছুঁয়ে দিলে লাল

মুঠ করে যা দিবেন—পুরোই হালাল

কে দিল, কী দিল—কখনো তা জানতে যাবে না।

আমাদের আকিদায় আর কী থাকে, জানেন?

সুরম্য বেহেস্ত আর সত্তরটা হুর—

আমাদের আকিদা আসলে—সত্য থেকে বহু দূর।

চতুর গণক যেন নিজের ভাগ্য—নিজে দেখে না।

জানি না। আমি জানি না—

আমাদের এ আকিদা আসলেই, আমাদের কি না!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...