ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অর্ধশত

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অর্ধশত

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক মারা গেছেন। মৃত মাসুদ মিয়া (৩০) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

বিজ্ঞাপন

এতে আহত হয়েছেন অর্ধশত মানুষ। আহতদের মধ্যে হিরণ মিয়া নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর ১টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল এবং ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মাঝখান দিয়ে যাওয়া সড়কের বাসস্ট্যান্ড বাজারটির নাম ‘আকবরনগর’ হবে, নাকি ‘মিরারচর’ হবে—এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ নিয়ে আগেও দুই গ্রামবাসীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত কয়েক দিন ধরে নতুন করে উত্তেজনা দেখা দিলে স্থানীয় এমপি এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমের উপস্থিতিতে গতকাল রোববার সকালে দুই পক্ষের লোকজনকে নিয়ে সভা করে উপজেলা প্রশাসন। সভায় উভয় পক্ষকে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

তবে আজ সকালে সেই সিদ্ধান্ত উপেক্ষা করে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন