গোপালগঞ্জের বৌলতলী এলাকায় ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালের বরাত দিয়ে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময়ের মধ্যে করপাড়া স্টেশনে পৌঁছানোর তাগিদে সোনালী পরিবহনের বাসটি অতিরিক্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদরগামী লোকাল বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে এবং ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

