গাজীপুরের টঙ্গীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, টঙ্গীর বউবাজার সরকারবাড়ি রোড এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসানোসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আঃ রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের থানায় নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশের কাজে বাধা দেয়। এ সময় পুলিশ বহনকারী সিএনজি চালককে মারধর এবং ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আব্দুল হালিম বেপারীকে এক নম্বর আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

