সেপ্টেম্বর-রবিউস সানি-আশ্বিন: মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

সেপ্টেম্বর-রবিউস সানি-আশ্বিন: মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

৬ সেপ্টেম্বর ১৫৬৬ : উসমানী সাম্রাজ্যের দশম সুলতান প্রথম সুলাইমান (কানুনি) সিগেতভার দুর্গ অবরোধের সময় মৃত্যুবরণ করেন। প্রায় ৪৬ বছর শাসনকালে তিনি সাম্রাজ্যকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে নিয়ে যান।

৯ সেপ্টেম্বর ১৯২০ : আলিগড়ের ‘মোহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ’কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য ‘মুসলিম ইউনিভার্সিটি বিল’ ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উপস্থাপিত হয়। পরে ১ ডিসেম্বর ১৯২০ ‘আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট’ পাস হলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

বিজ্ঞাপন

৯ সেপ্টেম্বর ১৯২৩ : মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে প্রজাতান্ত্রিক, জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে ‘হাল্ক ফুরকাসি’ (পিপলস পার্টি) প্রতিষ্ঠিত হয়। এটি পরবর্তীকালে ‘রিপাবলিকান পিপলস পার্টি’ নামে পরিচিতি পায়। আধুনিক তুরস্কের রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক পুনর্গঠনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৯ সেপ্টেম্বর ১৯২৬ : মিসরের প্রখ্যাত স্কলার, ইসলামি আইনশাস্ত্রবিদ, লেখক ও চিন্তাবিদ শাইখ ইউসুফ আবদুল্লাহ কারজাবি জন্মগ্রহণ করেন। আধুনিক ইসলামি চিন্তা ও ফিকহচর্চায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ‘ফিকহুজ জাকাত’, ‘আলহালাল ওয়াল হারাম ফিল ইসলাম’সহ বহু গ্রন্থের রচয়িতা কারজাবি সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন।

১৩ সেপ্টেম্বর ৭৮৬ (ভিন্নমত রয়েছে) : ১৭০ হিজরির রজব মাসে আব্বাসী খলিফা আল-মামুন জন্মগ্রহণ করেন। ৮১৩ থেকে ৮৩৩ সন পর্যন্ত আব্বাসী খেলাফতের সপ্তম খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও অনুবাদচর্চার পৃষ্ঠপোষক হিসেবে তার শাসনামল ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

১৫ রবিউল আউয়াল ১৭০ হিজরি (১৪ সেপ্টেম্বর ৭৮৬) : আব্বাসী খলিফা মুসা আল-হাদির মৃত্যুর পর তার ভাই হারুনুর রশিদ পঞ্চম খলিফা হিসেবে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার ২৩ বছরের শাসনামলে আব্বাসী খেলাফত রাজনীতি, অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি অর্জন করে। তার শাসনকালকে আব্বাসী খেলাফতের স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

১৭ সেপ্টেম্বর ১৯৪৮ : ‘অপারেশন পোলো’-এর মাধ্যমে হায়দরাবাদে নিজামের শাসনের অবসান ঘটে এবং হায়দরাবাদ ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া সামরিক অভিযানের পর ১৭ সেপ্টেম্বর নিজামের বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে হায়দরাবাদ টিকে থাকার চেষ্টা ব্যর্থ হয় এবং ভারতীয় ইউনিয়নে হায়দরাবাদের অন্তর্ভুক্তির পথ সুগম হয়।

গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন