‘ইসলামে অবিচল এবং ইসলাম থেকে বের হয়ে যাওয়া সবার জন্য খলিফা আবু বকরের পক্ষ থেকে এই পত্র। যারা ইসলামে অবিচল রয়েছেন, তাদের সালাম। আমরা নবীজির আনা সব বিষয় মেনে নিয়েছি। যারা ইসলামের বিধান প্রত্যাখ্যান করে, তাদের আমরা কাফের মনে করি। তাদের সঙ্গে আমাদের লড়াই অবশ্যম্ভাবী। এটাই নবীজির আদর্শ। তিনি মানুষ ছিলেন। ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করার পর আল্লাহতায়ালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা একজন রবের ইবাদত করি, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তাই ব্যক্তি মুহাম্মদের উপাসকদের জেনে রাখা উচিত, তিনি ইন্তেকাল করেছেন। আর আল্লাহর ইবাদতগুজার ব্যক্তিরা জানেন, আল্লাহতায়ালা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি তন্দ্রা বা নিদ্রা আচ্ছন্ন হন না, তিনি নিজের বিধানের সুরক্ষা নিশ্চিত করেন, শত্রুর থেকে প্রতিশোধ গ্রহণ করেন এবং প্রত্যেককে তার প্রাপ্য প্রতিদান দেন।
আমি আপনাদের তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রাপ্যের বিষয়ে সতর্ক করছি। আপনাদের নবীর আনা দ্বীন ও ধর্ম দৃঢ়ভাবে অনুসরণ করার নির্দেশ দিচ্ছি; তাঁর হেদায়েত ও পথনির্দেশনা মেনে চলতে বলছি। আল্লাহর ক্ষমা যে পাবে না, সে অপদস্থ হবে। তার হেদায়েত পাবে, সে সঠিক পথে চলতে পারবে। আল্লাহতায়ালা বলেছেন, ‘আল্লাহ যাকে হেদায়েত দেন, সে হেদায়েতপ্রাপ্ত। আর যাকে ভ্রষ্ট করেন, তুমি তার জন্য পথনির্দেশকারী কোনো অভিভাবক পাবে না।’ (সুরা কাহফ, কাহফ : ১৭)
আমি জানতে পেরেছি, আপনাদের কেউ কেউ ইসলাম গ্রহণ ও ইসলামের বিধান পালনের পরে আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি, তার বিধান সম্পর্কে অজ্ঞতা এবং শয়তানের প্ররোচনায় ইসলাম ত্যাগ করেছেন।
আপনাদের মধ্যে যারা শয়তানের প্ররোচনায় পড়ে ধর্মদ্রোহের মতো জঘন্য অপরাধ করেছে, তাদের সংবাদ আমার কাছে পৌঁছেছে। আমার জেনারেলদের আমি নির্দেশ দিয়েছি, আপনাদের কাছে গিয়ে সবার আগে আমার চিঠি পাঠ করে শোনাবে। ইসলামে ফিরে এলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না। আর যারা হঠকারী হয়ে ধর্মদ্রোহে লিপ্ত থাকবে, তরবারি তাদের ফয়সালা করবে। তাদের মনে রাখা উচিত, আল্লাহতায়ালা মোটেই দুর্বল নন।
এই পত্র সর্বশেষ ঘোষণা ও সতর্কবার্তা। এরপর থেকে যারা সত্যিকার অর্থে ইসলামের বিধান পালন করবে, তারা নিরাপদে থাকবে। তাদের অবশ্যই জাকাত দিতে হবে। অন্যথায় আমার জেনারেলরা তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।’ (তারিখে তাবারি, খণ্ড : ২, পৃষ্ঠা : ২৫৮)
অনুবাদ : আবদুল্লাহ রিদওয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

