ইউনানী মেডিকেলে বিরোধীদলীয় নেতার উপহার সামগ্রী হস্তান্তর

ঢাকার বোঝা বর্জ্যই এখন শিক্ষা উপকরণ : সেলিম উদ্দিন

ঢাকার বোঝা বর্জ্যই এখন শিক্ষা উপকরণ : সেলিম উদ্দিন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে উপহার সামগ্রী হস্তান্তর করেছেন দলের ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

বুধবার হাসপাতালটি পরিদর্শন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী হাসপাতালের এক্স-রে মেশিন পরিচালনার জন্য একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ল্যাবে ব্লাড টেস্টের জন্য প্রয়োজনীয় রিএজেন্ট এবং হাসপাতালের বেডের জন্য ম্যাট্রেস উপহার হিসেবে হস্তান্তর করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

Amardesh_Selim_Uddin.

উপহার সামগ্রী হস্তান্তর শেষে কলেজ ও হাসপাতালের শিক্ষক এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় পরিবেশবান্ধবভাবে বর্জ্য থেকে তৈরি কলম কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, ‘যে বর্জ্য ছিল ঢাকার বোঝা, সেই বর্জ্যই এখন শিক্ষা উপকরণে পরিণত হয়েছে।’

বর্জ্য থেকে কলম তৈরির উদ্যোগকে ভবিষ্যতের আরও বড় পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যকে কেন্দ্র করে কাগজ, কলমসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় যেমন নতুন সম্ভাবনা তৈরি হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।

Amardesh_Selim_Uddin

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’—এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতেই তারা কাজ করছেন। তাঁর দেওয়া কথা অনুযায়ী বর্জ্য থেকে কলম তৈরি করে তিনি দেখিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক ও কার্যকর অনেক উদ্যোগ নেওয়া সম্ভব।

তিনি বলেন, শিশুদের হাতে বর্জ্য থেকে তৈরি পরিবেশবান্ধব কলম তুলে দেওয়া সেই সম্ভাবনার একটি ছোট উদাহরণ মাত্র।

মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসার পাশাপাশি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি কলেজ ও হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন।

এ সময় কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...