বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক রিপোর্টার

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক
ছবি : সংগৃহীত

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের কারণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।

রোববার এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

নিজের 'এক্স' অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য দোয়া করছি।

পৃথক এক শোকবার্তায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে। বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই দুর্যোগে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত সবার জন্য দোয়া করছি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুর্গতদের সহায়তায় যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই সব উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, মেডিকেল টিম এবং ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানান।

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় অবিরাম ভারী বৃষ্টিপাত, উজানের পানির প্রবাহ এবং ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন