কুমিল্লায় ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় রোধে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের দায় তদন্তের মাধ্যমেই নিশ্চিত হতে হবে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা না গেলে তাদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়। এতে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা কমে যায়।
তিনি বলেন, ইসলাম মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অপ্রতিমের ঘটনা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি পরিবারে নৈতিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করা জরুরি।
সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি অপ্রতিমের শোকসন্তপ্ত মা-বাবা, পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ইসলাম মানুষের জীবন, সম্মান ও নিরাপত্তাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো প্রাণকে প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।’
তারা বলেন, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। অপ্রতিমের মৃত্যু যেন বিচারহীনতার আরেকটি উদাহরণ না হয়। বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনে রাষ্ট্র ও সমাজের দায়িত্ববোধ জোরদারের উপলক্ষ হয়ে উঠতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


