বাংলাদেশ পুলিশের শীর্ষ ও নীতিনির্ধারণী পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি পদমর্যাদার মোট ১১ জন কর্মকর্তার পদোন্নতি, বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এতে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নতুন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে চারজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং অতিরিক্ত আইজিপি পদের আরো দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান নিযুক্ত হয়েছেন। এতদিন এই পদে থাকা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে (হেডকোয়ার্টার্স) বদলি করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান পদোন্নতি পেয়ে রাজশাহীর সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) প্রিন্সিপাল হিসেবে পদায়িত হয়েছেন।
অন্যদিকে, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।
অপর প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি পর্যায়ের ৫ জন শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো: রেজাউল করিমকে খুলনা রেঞ্জের নতুন ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেট্রোরেলের (মাস র্যাপিড ট্রানজিট) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে বদলি করে বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে। এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


