আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন

আমার দেশ অনলাইন

সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন
ছবি: আমার দেশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকস্থনে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে চাঁদপুর, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, জামালপুর, ফরিদপুর, মৌলভীবাজার, ঝালকাঠি ও কিশোরগঞ্জ, পটুয়াখালী,মাদারীপুরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমার দেশের প্রতিনিধিদের পাঠনো ঈদ উদ্‌যাপনের প্রতিবেদন।

বিজ্ঞাপন

বগুড়া: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার তিনটি উপজেলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার বিভিন্ন স্থানে এসব জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশুসহ দেড় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়েছে। শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার খবর পাওয়ার পর শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন বলে জানিয়েছেন তিনি।

নওগাঁ: জেলার পত্নীতলা উপজেলায় অর্ধশতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ১১ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌর এলাকার কলোনিপাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতির দায়িত্ব পালন করেন মাওলানা মো. কামারুজ্জামান।

দিনাজপুর: জেলার সদরসহ ছয়টি উপজেলায় মুসল্লিদের একটি অংশ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন । দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

জামালপুর: মাদারগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মিজান।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯টি গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার সকাল থেকে উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলি ও গঙ্গানন্দপুরসহ ৯টি গ্রামের শত শত মানুষ ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন একদল মুসল্লি। শুক্রবার সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস-সুন্নাহ ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। ডহরশংকর গ্রামের প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের বাসিন্দারা পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। সকাল ৭টায় উপজেলার কলাদিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ওই গ্রামের শতাধিক মুসল্লি।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া ও বালিয়াতলী গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর: মাদারীপুরে ঈদুল ফিতর উদযাপন করেছেন জেলার ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ ধর্মপ্রাণ মুসল্লি একত্রে নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ সিদ্দুকুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন