বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম (আরবিওপি)’-এর সভাপতি ও সাবেক সচিব জনাব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ও সাবেক সিনিয়র সচিব খন্দকার মো. কবিরুল ইসলাম তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ অক্টোবর সফররত বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে কতিপয় দুষ্কৃতকারীর অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।
একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) হুইলচেয়ারে চলন্ত অবস্থায় তার সাথে যে অপমানজনক ও অসদাচরণ করা হয়েছে, তা চরম ধৃষ্টতাপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত। আমরা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে করা এ ঘৃণ্য ও কাপুরুষোচিত দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছি।
মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু একজন অশীতিপর জ্যেষ্ঠ নাগরিকের পথ আটকে তাঁর প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধিকন্তু তাঁর বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। বরং জুলাই বিপ্লব-পরবর্তী জাতির চরম ক্রান্তিকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে জাতিকে রাজনৈতিক সংকট থেকে উদ্ধার করেছেন এবং একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার, রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর কর্মযজ্ঞ সফলভাবে শেষ করার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি জাতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ঋণী। ভবিষ্যতে ফ্যাসিবাদের মদদপুষ্ট অন্ধ, জ্ঞানপাপী, গণতন্ত্র ও দেশদ্রোহীদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার এবং জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।
অনতিবিলম্বে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশের সম্মানহানিকারী এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


