দেশের ৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

স্টাফ রিপোর্টার

দেশের ৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি
ছবি: সংগৃহীত।

দেশে দ্বিতীয়দিনের মতো আজ সোমবার ৩৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে তীব্র ভ্যাপসা গরমে জনজীবনে চরম অস্বস্তি দেখা দিয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

বিজ্ঞাপন

এর আগের দিন রোববার সারাদেশের মধ্যে নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রী এবং রাজধানীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া আগের কয়েকদিনের তুলনায় সারাদেশেই তাপমাত্রা বেড়ে ৩৭ জেলার ওপর দিয়ে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। আজ সোমবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাসমূহ ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা জেলাসহ মোট ৩৫ জেলার ওপর দিয়ে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের পরিধি আরো বাড়তে পারে।

বিকাল চারটার দিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, আগামী দুইদিন একই অবস্থা বজায় থাকার পর ৪ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে ধীরে ধীরে তাপমাত্রা প্রশমিত হতে পারে। তিনি বলেন, আগামী ৫ জুনের পর থেকে দক্ষিণ-পশ্চিমা মৌসুমীবায়ু সক্রিয় হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে স্বস্তি দেখা দিতে পারে।

এর আগে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমে সারাদেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে আগামী ৫ জুন কিংবা এর কাছাকাছি সময় থেকে দক্ষিণ-পশ্চিমা মৌসুমীবায়ু টেকনাফ উপকূল দিয়ে অগ্রসর হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে ধীরে ধীরে সারাদেশে সক্রিয় হতে পারে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে বর্ষাকালের আমেজ শুরু হতে পারে। এছাড়া দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

আজ সোমবার রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি না হলেও চট্টগ্রাম বিভাগের বিভাগের বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগেরদিন রোববার কক্সবাজারে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। ওইদিন রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার ছাড়া রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়ও কোনো বৃষ্টি হয়নি। আগামী দুইদিনে বৃষ্টির প্রবণতা আরো কমবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...