ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এর জার্সি ও মেডেল উন্মোচন

ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এর জার্সি ও মেডেল উন্মোচন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল। রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন রানার্স কমিউনিটি, পেসার, সংবাদকর্মী, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্য অতিথিদের উপস্থিতিতে এই জার্সি ও মেডেল উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এরপর ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর ওপর নির্মিত একটি প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (অপা: ও মেইন:) এবং ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর রেস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

এ সময় হটলাইন নম্বর ১০২-এর ওপর নির্মিত প্রোমো ভিডিও এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মকাণ্ডের ওপর নির্মিত মহাপরিচালকের লেখা ও জায়েদ খলিলের সুরে ‘আগুনের আর্তনাদ’ শীর্ষক গানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচারের উদ্দেশ্যে এই আয়োজন করায় স্পন্সর প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর প্রচার এবং বিভিন্ন দুর্যোগে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রানার্স কমিউনিটির প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন এবং ফটোসেশনে অংশ নেন।

‘রান অ্যান্ড রাইজ ফর হিউম্যানিটি, রিকল ১০২’ (Run and Rise for Humanity, Recall 102) স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-কে সবার মাঝে পরিচিত করে তুলতে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর পূর্বাচল ৩০০ ফুট সড়কে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার—এই ৪টি ক্যাটাগরিতে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন