কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত থাকেন। জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, নীতিনির্ধারণ এবং জনসেবার মান উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি নিজে সৎ ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব কর্মপরিবেশ ও সমাজে প্রতিফলিত হয় বলেও তিনি মন্তব্য করেন।

সরকারপ্রধান দেশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রশাসনিক কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান। সম্প্রতি বিভিন্ন প্রকল্প পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনহীন ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের ক্ষতি হতে পারে- এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে কর্মকর্তারা যেন কোনোভাবেই সম্পৃক্ত না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা কিংবা বিদেশি সহায়তা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন