জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়।’
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
ঐকমত্য তৈরির বিষয়ে আলী রীয়াজ বলেন, যাতে করে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে আগামী দিনগুলোতে পথরেখা তৈরি করতে পারি। এ দায়িত্ব কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয়, কমিশন কেবল সহযোগীর ভূমিকা পালন করছে। দেশের মানুষের আকাঙক্ষাকে প্রতিফলন ঘটিয়ে, দেশের রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে।
ঐকমত্যের বিষয়টি জাতীয় সনদ প্রতিফলনের চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যাতে করে ভবিষ্যতে প্রত্যেকটি রাজনৈতিক দল যেন লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে বাস্তবায়নের পথে ভূমিকা পালন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগ এক অর্থে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা, ধারণ করা এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষার পূরণ ঘটেছে, তার সুনির্দিষ্ট রূপ দেওয়া। সেই আশায় আমরা ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, পাশাপাশি ভিন্নমত আছে। সেটা অস্বাভাবিক নয়। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে তাদের অবস্থানে থাকবেন, আদর্শে থাকবেন, পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি আমাদের প্রয়োজন একটি জাতীয় ঐক্যের। কারণ রাষ্ট্র পুর্নগঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়। রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে আছেন, সিভিল সোসাইটি তার অংশ হিসেবে আছেন, অগ্রণী ভূমিকায় আছেন, নাগরিকরা আছেন। আমরা আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দল তার অবস্থানে থেকে জনগণের কাছে যাবেন। কিন্তু কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা অগ্রসর হতে পারি সে বিষয়ে বিশেষ ভাবে মনোযোগ দেবেন।
তিনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনার পর যে বিষয়গুলোতে ভিন্নমত কাছাকাছি আছি সেগুলো নিয়ে গভীরভাবে দ্রুততার সঙ্গে আলোচনা করতে হবে। আমরা যেমন ঐতিহাসিক মুহূর্তে আছি, তেমনি সময় দীর্ঘ নয়, আমাদেরকে দ্রুততার সঙ্গে কাজকে এগিয়ে নিতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমরা যেন একটি জাতীয় সনদ তৈরি করতে পারি। সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যেন সবাই মিলে ঐক্যের মাধ্যমে অগ্রসর হতে পারি। যে ঐক্যের মাধ্যমে একটি ফ্যাসিবাদী শাসনের শীর্ষ ব্যক্তি ও তার অনুসারীদের পলায়নে বাধ্য করেছ, তাতে অটুট থাকি।
আলী রীয়াজ বলেন, বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামের ফল। জুলাই গণঅভ্যুত্থান মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যেমন প্রকাশ করেছে, তেমনি প্রত্যাশাকেও প্রকাশ করেছে। মানুষ চান যেন বারবার বাংলাদেশে এমন ফ্যাসিবাদের উত্থান না ঘটে। যেন আমরা এমন একটি রাষ্ট্র ও ব্যবস্থা তৈরি করতে পারি, যেখানে সবার সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে শুধু সহ্য করার পাশাপাশি শ্রদ্ধা করতে পারি। সে রকম রাষ্ট্র আমরা চাই।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

