বিশ্বকাপ ফাইনালের আগে রেফারি নিয়োগ নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে। আর এই নিয়োগের পরই সামনে এসেছে আর্জেন্টিনার সঙ্গে তার একমাত্র বিশ্বকাপ-সম্পর্কিত স্মৃতি। যেটা বলা হচ্ছে ‘অপয়া’।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক হারের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচে তার একমাত্র দায়িত্ব পালন।
স্লোভেনিয়ার ৪৬ বছর বয়সী এই রেফারি ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন। তিনি ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন এবং ইউরোপের অন্যতম অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত। ২০২৬ বিশ্বকাপেও তিনি একাধিক ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন। ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।
এছাড়া ফাইনালের আগে ভিনচিচের অতীতের একটি বিতর্কও সামনে এসেছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশ অভিযানে ভুলবশত তাকে আটক করা হয়েছিল। পরে তদন্তে তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় দ্রুতই তাকে মুক্তি দেওয়া হয় এবং কোনো অভিযোগও আনা হয়নি। এরপর তিনি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক রেফারিং চালিয়ে যান।
আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টায়) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। ম্যাচের আগে ভিনচিচের নিয়োগ নিয়ে আলোচনা থাকলেও, নিরপেক্ষ ও অভিজ্ঞ রেফারি হিসেবেই তাকে বেছে নিয়েছে ফিফা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

