ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে

আমার দেশ অনলাইন

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শুরু থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। গতকাল মঙ্গলবারের আকাশও রাত থেকে ঘন মেঘে ঢাকা ছিল। ভোর হতেই হঠাৎ করে নামে হালকা বৃষ্টি। এরপর শুরু হয় প্রবলভাবে, যা দ্রুতই নগরজীবনে প্রভাব ফেলে। যদিও এই বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি এনে দেয়, তবে সকালে কাজে বের হওয়া মানুষের জন্য তা হয়ে ওঠে বড় ধরনের ভোগান্তির কারণ। অনেকেই ভিজে অবস্থায় গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন, ফলে সড়কে যানবাহনের গতি কমে যায় এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

বুধবার ভোর সাড়ে ৬টার আগেই শুরু হওয়া এই বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসগামী, শিক্ষার্থী এবং দিনমজুরসহ নানা পেশার মানুষ। যাদের কাছে ছাতা ছিল না, তারা আশপাশের দোকানপাট বা ভবনে আশ্রয় নেন। তবে ছাতা থাকা সত্ত্বেও অনেকেই পুরোপুরি রক্ষা পাননি বিশেষ করে পা, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় অস্বস্তি আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

যেসব এলাকায় এই পরিস্থিতি দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সাবধানে চলাচল করে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দুপুর পর্যন্ত আবহাওয়ার খুব একটা উন্নতি নাও হতে পারে। দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, বিশেষ করে দেশের উত্তর, মধ্যাঞ্চল এবং উপকূলীয় এলাকায় ঝুঁকি বেশি থাকতে পারে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন