তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস, ঢাকায় কেমন থাকবে

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস, ঢাকায় কেমন থাকবে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।

অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে কোনো নদীবন্দরে সতর্কসংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।

সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন