কবে থেকে বৃষ্টি, কোন কোন বিভাগে—জানাল আবহাওয়া অফিস

কবে থেকে বৃষ্টি, কোন কোন বিভাগে—জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে চট্টগ্রাম বিভাগ এবং সোমবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নতুন একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

শুক্রবার ও শনিবারের আবহাওয়া: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইভাবে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ও সোমবারের বৃষ্টির পূর্বাভাস: শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পাঁচ দিনের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি: বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষভাগে দেশের অবশিষ্টাংশ বা অন্যান্য বিভাগেও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নতুন লঘুচাপটির গতিপ্রকৃতি ও তীব্রতার ওপরই পরবর্তী আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নির্ভর করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন