রাজধানীতে বৃষ্টি, দিন বাড়ার সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা

আমার দেশ অনলাইন

রাজধানীতে বৃষ্টি, দিন বাড়ার সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ ঢাকার আকাশ কখনো আংশিক মেঘলা থাকবে, আবার কখনো সাময়িকভাবে মেঘাচ্ছন্ন হতে পারে। এর ফলে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে মাঝে মাঝে দমকা হাওয়া আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকায় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন