আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

আজ থেকে বাড়তে পারে বৃষ্টি
ছবি: সংগৃহীত

শ্রাবণের প্রথম দিনে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি শক্তিশালী নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা কম। তবে এর পর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ইতোমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের নৌবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ২০ জুলাইয়ের পর দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সময় ঘনিয়ে এলে প্রয়োজনে ভারী বৃষ্টিপাতের আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করা হবে।

সিনিয়র আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুব বেশি বৃষ্টি না হলেও ২০ জুলাইয়ের পর মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে কয়েক দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও নীলফামারীর সৈয়দপুরে—৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা আগের তিন দিনের তুলনায় কিছুটা কম। একই দিনে সিলেটে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে এক মিলিমিটারেরও কম।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিওটির পূর্বাভাসে বলা হয়েছে, টানা বর্ষণের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে বজ্রপাতের ঝুঁকি এবং সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন