সারা দেশে মঙ্গলবার বৃষ্টিপাত কমে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বৃষ্টিপাত কমার পাশাপাশি তাপমাত্রা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগের কয়েকদিনের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাঙামাটিতে। এদিন রাজধানীর তাপমাত্রাও বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি।
আগামী দুইদিন তাপমাত্রা আরো বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এ অবস্থা দুইদিন অব্যাহত থাকতে পারে। এরপর পর পুনরায় ১৭ জুলাই থেকে উপকূলীয় জেলায় ও সিলেটে ভারী বৃষ্টি শুরু হতে পারে। তবে ওই সময়ে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বর্ধিত ৫ দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ সিলেটে মাত্র ৪৩ মিলিমিটার ও রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। দেশজুড়ে বৃষ্টিপাত ছিল না বললেই চলে। বৃষ্টিপাতের প্রবণতা কমায় তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
অন্যদিকে, বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম পূর্বাভাসে জানিয়েছে, দেশের আবহাওয়ায় আগামী এক সপ্তাহে বৈচিত্র্যময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতে দেশের আকাশ আংশিক মেঘলা ও পরে মেঘাচ্ছন্ন থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগে সাময়িক মৃদু তাপপ্রবাহের পাশাপাশি দেশের অন্যান্য স্থানে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
পরে ১৭ থেকে ২৪ জুলাই দেশে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে এবং উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একটি সক্রিয় মৌসুমী বৃষ্টি বলয় ও সিস্টেমের প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে এবং সপ্তাহের শেষ দিকে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির কারণে দেশের উজানে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া শেষ দিকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় পাহাড়ধ্বসের ঝুঁকি রয়েছে এবং উত্তর অঞ্চলে মাঝারি বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

