আকাশ কিছুটা মেঘলা থাকলেও রাজধানীতে আজ শনিবার কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সারা দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারি থেকে থেকে অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে সংস্থাটির ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় আগামীকাল রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির কথা বলা হলেও তা আগামী মঙ্গলবার পর্যন্ত হতে পারে। এ ছাড়া শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং আগামী মঙ্গলবার ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত। এদিকে থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নরসিংদীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার ভারি বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে বৃষ্টি হয়নি। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কোনো বৃষ্টি হয়নি। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও আগের কয়েক দিনের তুলনায় কম হয়েছে।
এদিকে আজ শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রোজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করায় তাপমাত্রা কিছুটা বেড়ে ভাপসা গরম অনুভূত হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমের মাত্রা আরো বাড়তে পারে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রা বাড়তে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সারা দেশেই কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে । এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

