মৌসুমি বায়ুর বিদায় লগ্নে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

মৌসুমি বায়ুর বিদায় লগ্নে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি: রফিকুর রহমান রেকু

রাজধানীতে গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর ঝরেছে স্বস্তির বৃষ্টি। সোমবার দুপুরে ১টার কয়েক মিনিট আগে বংশাল, গুলিস্তান, কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বষ্টির খবর পাওয়া গেছে।

এর আগেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, মৌসুমি বায়ু বিদায় লগ্নে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে এমন বৃষ্টি হতে পারে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের আবহ তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকলেও বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েক দিন দেশজুড়ে সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে, আর সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বৃষ্টির আওতা কিছুটা বাড়তে পারে—রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বৃষ্টিপাতের এলাকা আরও পরিবর্তিত হতে পারে—রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হতে পারে, সঙ্গে সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের (৪ থেকে ৭ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে, যার ফলে দেশের আবহাওয়ায় মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বর্ষার আনুষ্ঠানিক অবসান ঘটে এবং দেশের আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে আসে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে, যা শরৎ পেরিয়ে হেমন্তের আগমনী বার্তা বহন করে। সংশ্লিষ্টরা বলছেন, বিদায় লগ্নের এই সময়টায় আজকের মতো হঠাৎ বিক্ষিপ্ত বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়, বরং এটি মৌসুম পরিবর্তনেরই একটি স্বাভাবিক অংশ। আগামী কয়েক দিনে বৃষ্টি ও তাপমাত্রা উভয়ই ধীরে ধীরে কমে আসার মধ্য দিয়ে দেশ পুরোপুরি বর্ষা-উত্তর শুষ্ক আবহাওয়ার দিকে এগোবে বলে পূর্বাভাসে ইঙ্গিত মিলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন