রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে ঝড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় দেশের সমুদ্র ও নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।
সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ২.২ মিলিমিটার।
গত রাতের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এতে করে দেশের কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কতা বা সংকেত জারি করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

