কয়েকদিনের বিরতির পর আগামীকাল সোমবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এরপর আগামী বুধবার থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ১৩ আগস্ট কিংবা পরদিন মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার বিকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, সোমবার থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী বুধবারে তা সিফট হয়ে দক্ষিণে বাড়বে।
এছাড়া ১৩ আগস্ট কিংবা তার পরদিন মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হয়ে তা আরো ঘনীভূত হলে তখন সারাদেশেই ভারী থেকে অতিভারী ঝরাতে পারে।
এর আগে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে জানান, আগামী কদিন বৃষ্টির প্রবণতা কম থাকলেও আগামী ১২ কিংবা ১৩ আগস্ট থেকে তা আবার বাড়বে। এরপর ১৫ আগস্ট থেকে দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়ে কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
তিনি আরো জানান, বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হলেও আপাতত রাজধানী ঢাকায় ১৫ তারিখের আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
সংস্থাটি জানায়, সবচেয়ে বৃষ্টিবহুল শ্রাবণ মাসে সারাদেশে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকলেও গত কয়েকদিনে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কম রয়েছে। রোববার রাজধানীতে সামান্য বৃষ্টি রেকর্ড করা হলেও সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৯৯ মিলিমিটার। এদিন সারাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ছিল না বললেই চলে। সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে জানায়, আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এতে সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবারও একই ধরনের প্রবণতা থাকতে পারে। তবে বর্ধিত ৫দিনে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে বলে সংস্থাটি জানায়।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, দেশের নদীগুলোর পানি ও বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেবল কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


