অভ্যুত্থান ঘিরে তরুণদের প্রত্যাশা

অভ্যুত্থান ঘিরে তরুণদের প্রত্যাশা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পালাবদলের পরও কর্মসংস্থান, দুর্নীতি নিয়ন্ত্রণ, মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জুলাইয়ের স্বপ্ন আসলে কতটুকু বাস্তবায়িত হলো?

একটি অভ্যুত্থান শুধু ক্ষমতার পালাবদল ঘটায় না, মানুষের মনে একটি নতুন দেশের স্বপ্নও তৈরি করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তরুণদের মনে ঠিক সেই স্বপ্নই জাগিয়েছিল। সবাই ভেবেছিল, এবার বোধ হয় বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, দুর্নীতি থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র জবাবদিহি করবে।

বিজ্ঞাপন

কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার পর আসলে কতদূর এগোলাম আমরা? এটি বুঝতে হলে শুধু ক্ষমতা কার হাতে গেল, তা দেখলে হবে না। দেখতে হবে, তরুণরা চাকরি পাচ্ছে কি না, বাজারের অবস্থা কেমন, দুর্নীতি আসলেই কমেছে কি না এবং মানুষ মন খুলে কথা বলতে পারছে কি না।

জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে তরুণদের ক্ষোভ থেকে। পরে তা পুরো ব্যবস্থা বদলানোর দাবিতে পরিণত হয়। তাই প্রত্যাশাটা শুধু কোটা সংস্কার ছিল না; প্রত্যাশা ছিল যোগ্যতার মূল্যায়ন এবং একটি সম্মানজনক জীবনের নিশ্চয়তা।

দুর্নীতি কি কমেছে? সরকারি অফিসে ঘুস, অনিয়ম ও হয়রানি ছাড়া কি কোনো সেবা পাওয়া যায়? ভুক্তভোগীদের কাছেই আছে এর সঠিক উত্তর। দুর্নীতির বিরুদ্ধে অভিযান দরকার। তার চেয়েও বেশি দরকার এমন প্রতিষ্ঠান, যেগুলো কারো কথায় চলবে না, নিজেদের মতো স্বাধীনভাবে কাজ করবে। অন্যদিকে, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে অনেকের পেট চালানোই এখন দায়। এছাড়া সবাই কি নির্ভয়ে নিজেদের মতপ্রকাশ করতে পারছে? বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে?

জুলাইয়ে তরুণরা রাস্তায় নেমেছিল কোনো দল বা ব্যক্তির জন্য নয়; তারা নেমেছিল অধিকার ও ন্যায়বিচারের জন্য। কিন্তু শেষ পর্যন্ত কতটা বদলেছে বাংলাদেশ, এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থান শুধু একটি দরজা খুলে দেয়। কিন্তু সেই দরজা দিয়ে নতুন বাংলাদেশে প্রবেশ করতে হলে প্রয়োজন ধারাবাহিক সংস্কার ও সদিচ্ছা। জুলাইয়ের স্বপ্নের সত্যিকারের মূল্যায়ন তখনই হবে, যখন তরুণদের চাওয়াগুলো—চাকরি, ন্যায়বিচার ও কথা বলার স্বাধীনতা—বাস্তবে প্রতিফলিত হবে।

লেখক : শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...