চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় সাম্প্রতিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে চীনা সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও অস্ত্র রপ্তানির অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে ইসলামাবাদ। বেইজিংয়ের ভাষ্য অনুযায়ী, এই সহযোগিতার লক্ষ্য অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা নয়; বরং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার পরিসর বাড়ানো। মুসলিম দেশগুলোর সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা দেশটিকে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির পরিচিতি বাড়ানোর জন্য বিশেষভাবে উপযোগী করে তুলেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক উপস্থিতি না বাড়িয়েও চীনের সামরিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের প্রতিরক্ষা খাত চীনের সামরিক শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। দেশটির বিমান, আকাশ প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় একটি অংশ চীনা প্রযুক্তি এবং সরঞ্জামনির্ভর। ফলে পাকিস্তান কার্যত চীনের প্রতিরক্ষাশিল্পের সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। বেইজিংয়ের দৃষ্টিতে এই সহযোগিতা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তার একটি স্থায়ী কাঠামো গড়ে উঠছে। কৌশলগত দিক থেকে যার গুরুত্ব নিছক অস্ত্র বিক্রির চেয়ে অনেক বেশি।
চীন ও পাকিস্তানের যৌথভাবে উৎপাদিত জেএফ-১৭ যুদ্ধবিমান দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীক। আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে অস্ত্র কেনাবেচার আলোচনায় এই যুদ্ধবিমানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রমাণ করে, চীনা বিমান প্রযুক্তির আঞ্চলিক বাজার সম্প্রসারণে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেইজিং এখন বুঝতে পারছে, যৌথ উৎপাদনের ফলে এসব সামরিক সরঞ্জামের বাজারজাতকরণ তুলনামূলক সহজ হয়ে উঠছে। একই সঙ্গে এসব সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ এবং কারিগরি সহায়তার প্রয়োজন হওয়ায় ক্রেতা দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কও গড়ে উঠছে।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষাশিল্পের প্রাধান্য ছিল। তবে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার দেশগুলোর জন্যও এই বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হয়েছে। চীন সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে অস্ত্র সরবরাহ এবং অংশীদার দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেইজিং। এই কৌশলে পাকিস্তান গুরুত্বপূর্ণ সহযোগী ও সংযোগকারী হিসেবে কাজ করছে। দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের বহু দেশের ঐতিহাসিক ও সামরিক সম্পর্ক থাকায় পাকিস্তানের মাধ্যমে এসব দেশের কাছে চীনা প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং সেগুলোর ব্যবহার ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণ তুলনামূলক সহজ হচ্ছে।
বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চীনের আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনা মোতায়েন, যৌথ সামরিক মহড়া ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের ফলে চীনা প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম বাস্তব পরিস্থিতিতে ব্যবহারের পাশাপাশি সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের সুযোগও তৈরি হচ্ছে। এর মাধ্যমে চীনের প্রতিরক্ষা সরঞ্জামের সক্ষমতা সম্পর্কে সম্ভাব্য ক্রেতা দেশগুলোর ইতিবাচক ধারণা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে নতুন অস্ত্র ক্রয়চুক্তির পথও সহজ করে দিতে পারে।
বেইজিংয়ের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি শুধু একটি বাণিজ্যিক লেনদেন নয়; বরং দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার সূচনা। কোনো সামরিক ব্যবস্থা বিক্রির পর সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, যন্ত্রাংশ সরবরাহ, নিয়মিত আধুনিকায়ন এবং কারিগরি সহায়তার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এর সঙ্গে গোয়েন্দা সহযোগিতার বিষয়টিও যুক্ত হতে পারে। ফলে পাকিস্তানকে এই সহযোগিতা কাঠামোর অংশীদার করে চীন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সরাসরি সামরিক উপস্থিতি ছাড়াই সেখানে নিজেদের প্রতিরক্ষা প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে।
চীনের নিরাপত্তানীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিস্তৃত সামরিক ঘাঁটি স্থাপনের পরিবর্তে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তুলে আঞ্চলিক প্রভাব বিস্তার করা। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এই কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুসলিম দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের ঐতিহ্যগত সম্পর্ক থাকায় পাকিস্তান আঞ্চলিক প্রতিরক্ষা যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ সামলাতে পারে। অন্যদিকে, চীন প্রযুক্তি উন্নয়ন, শিল্প উৎপাদন ও কারিগরি সহায়তার দিকে মনোযোগ দিতে পারে। এ ধরনের সহযোগিতা বেইজিংকে তুলনামূলক কম রাজনৈতিক ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও এই প্রতিরক্ষা সহযোগিতার অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। জ্বালানি পরিবহনপথ, সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে চীন-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতারও পরিপূরক। আরব সাগর, ভারত মহাসাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে যৌথ প্রকল্প এবং বাণিজ্যিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারেও এই প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনের প্রতিরক্ষাশিল্পের প্রযুক্তিগত উন্নয়নেও পাকিস্তানের ভূমিকা রয়েছে। দেশটির সামরিক বাহিনী নিয়মিত চীনা প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করায় সেগুলোর কার্যকারিতা, সীমাবদ্ধতা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া এসব অভিজ্ঞতা ও মতামত পরবর্তী প্রজন্মের সামরিক সরঞ্জাম উন্নয়নে কাজে লাগছে। উৎপাদক ও ব্যবহারকারীর মধ্যে এই ধারাবাহিক যোগাযোগ চীনের প্রতিরক্ষাশিল্পকে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দিচ্ছে এবং রপ্তানিযোগ্য সামরিক সরঞ্জামের মানোন্নয়নেও সহায়তা করছে।
কিছু পশ্চিমা বিশ্লেষক এই প্রবণতাকে মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের সামরিক প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখছেন। তবে বিষয়ে বেইজিংয়ের বক্তব্য ভিন্ন। চীনের দাবি, তাদের প্রতিরক্ষা সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং অংশীদার দেশগুলোর বৈধ প্রয়োজন পূরণের নীতির ওপর প্রতিষ্ঠিত। একচেটিয়া সামরিক জোটের পরিবর্তে সহযোগিতা, উন্নয়ন ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলাই তাদের ঘোষিত লক্ষ্য।
ইরাক, লিবিয়া, মরক্কো, সুদান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মধ্য দিয়ে চীনের সামরিক সরঞ্জামের বাজারও বিস্তৃত হচ্ছে। এসব দেশের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ চীনের বাজারে প্রবেশের ব্যয় ও প্রাথমিক প্রতিবন্ধকতা কমাতে সহায়তা করছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও এসব দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের কারণে সম্ভাব্য ক্রেতাদের কাছে চীনা প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ানোও সহজ হচ্ছে। এভাবে চীনা প্রযুক্তিকে কেন্দ্র করে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠছে।
দীর্ঘ মেয়াদে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জামে চীনা প্রযুক্তির ব্যবহার বাড়লে অঞ্চলটির দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের উৎস আরো বহুমুখী হতে পারে। অনেক দেশই এখন আর শুধু একটি পশ্চিমা সরবরাহকারীর ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সামরিক সরঞ্জাম সংগ্রহে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। চীন এই পরিবর্তনকে সমান অংশীদারত্বের ভিত্তিতে সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে বহুমেরুকেন্দ্রিক করার সুযোগ হিসেবে দেখছে।
এ ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা শুধু অস্ত্র রপ্তানি বা বিপণনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশিক্ষণ, সামরিক অভিজ্ঞতা বিনিময়, বিক্রয়-পরবর্তী
সেবা এবং বিভিন্ন দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও দেশটি ভূমিকা রাখছে। ফলে চীনা প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম কেনার মধ্য দিয়ে ক্রেতা দেশগুলো ধীরে ধীরে চীনের প্রতিরক্ষা প্রযুক্তি ও কারিগরি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে চীনের প্রতিরক্ষাশিল্পের জন্য দীর্ঘমেয়াদি বাজার তৈরি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অস্ত্রবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে চীনের দৃষ্টিতে পাকিস্তান এখন চীনা প্রতিরক্ষাশিল্প এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অস্ত্রবাজারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ
কৌশলগত সেতু। এই সহযোগিতার ভিত্তি সরাসরি চীনা সেনা মোতায়েন নয়; বরং যৌথ শিল্প উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তা। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক উপস্থিতি না বাড়িয়েও চীনের প্রতিরক্ষাশিল্পের প্রভাব বিস্তারে পাকিস্তানের ভূমিকা আরো বাড়তে পারে। একই সঙ্গে ভবিষ্যতে অঞ্চলটির বহুমেরুকেন্দ্রিক নিরাপত্তা কাঠামো গড়ে ওঠার প্রক্রিয়ায়ও দেশটি অন্যতম প্রভাবশালী অংশীদার হয়ে উঠতে পারে।
লেখক: আন্তর্জাতিক-বিষয়ক বিশ্লেষক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




