ভারতে যাওয়ার বিরুদ্ধে ছিলেন ভাসানী

ভারতে যাওয়ার বিরুদ্ধে ছিলেন ভাসানী
জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

শেষবারÑঅর্থাৎ মৃত্যুর আগে ১৯৭৬ সালের আগস্টে চিকিৎসার জন্য জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে লন্ডনে পাঠানো হয়েছিল। আমিও তখন প্রথমবারের মতো সাংবাদিকতায় বিশেষ এক প্রশিক্ষণ কোর্সে যোগ দিতে লন্ডনে যাই। তার আগে পেশাগত এবং বিশেষ করে রাজনৈতিক কারণে ‘হুজুর ভাসানীর’ সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায়। একসময় আমি গণমাধ্যমে তার একরকম বিশ্বস্ত মুখপাত্র হয়ে উঠি। ভাসানীর নির্ভরযোগ্য কোনো খবরের জন্য তখন অনেক সহকর্মী আমার সঙ্গে যোগাযোগ করতেন। আমি তখন বেসরকারি সংবাদ সংস্থা ইস্টার্ন নিউজ এজেন্সিতে (এনা) রাজনৈতিক রিপোর্টার হিসেবে কাজ করি। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় তৎকালীন বিশিষ্ট ছাত্রনেতা মাহবুবউল্লাহ যখন কারার অন্তরালে, তখন বাংলাদেশের বিশিষ্ট বাম ধারার রাজনীতিকরা কলকাতায় আমাকে তার নেতৃত্বাধীন বাংলা ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন। তখন থেকে ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি, শ্রমিক ফেডারেশন এবং এমনকি কৃষক সমিতির নেতারাসহ বাম ধারার রাজনীতির অনেকের সঙ্গে আমার এক অঘোষিত আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্কের শীর্ষে অবস্থান করছিলেন কৃষক শ্রমিক ও মেহনতি জনতার অবিসংবাদিত নেতা মওলানা ভাসানী। পঁচাত্তরের রাজনৈতিক পটপরিবর্তনের পরÑঅর্থাৎ ছিয়াত্তরের গোড়া থেকেই ভাসানীর শারীরিক অবস্থা ক্রমেই অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়ে। তখন হুজুর-পুত্র আবু নসর খান ভাসানীর কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একদিন অপরাহ্ণে নবতিপর বৃদ্ধনেতাকে দেখতে যাই। কার্তিকের শেষদিকে টাঙ্গাইলের সন্তোষের মতো গ্রামেÑঅর্থাৎ ফসলের মাঠে কুয়াশা তার ধূসর চাদর বিছিয়ে দিতে শুরু করেছে। সন্ধ্যায় নামাজের পর হুজুরের দরবার বা খানকা শরিফ, যেখানে এখন তার মাজার, আমরা কয়েকজন বসেছিলাম তাকে ঘিরে। কথায় কথায় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আলোচনায় চলে আসে অবলীলাক্রমে। প্রথমে কণ্ঠে দ্বিধা থাকলেও একপর্যায়ে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে জিজ্ঞেস করলাম, হুজুর দেশের মাটিতে থেকে কি আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করতে পারতাম না? কেন আমাদের ভারতের মাটিতে আশ্রয় নিতে হলো?

বিজ্ঞাপন

প্রশ্নটি শুনে রুগ্‌ণ মওলানা ভাসানীর দুটি চোখের তারা যেন সপ্রতিভ হয়ে উঠল। কিছু বলার আগে চোখ দুটো যেন কিঞ্চিৎ কেঁপে উঠল। ‘শেখ মুজিবের পরিষ্কার রাজনৈতিক জ্ঞানের অভাব এবং বিশেষ করে সিদ্ধান্তহীনতার কারণেই এমনটা হয়েছিল। শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের আর কোনো প্রস্তুতি ছিল না। আমাদের অনেকের কাছে তখন নিজ নিজ জান বাঁচানোটাই বড় হয়ে দেখা দিয়েছিল। ২৫ মার্চের মতো একটি কালরাত আমাদের জন্য অপেক্ষা করছিল। পাকিস্তানি বাহিনীকে সেভাবে ঢাকাসহ নিকটবর্তী জেলাগুলোতে প্রস্তুত করা হয়েছিল। কিন্তু শেখ মুজিব আওয়ামী লীগ নেতাদের সেভাবে তৈরি করতে পারেননি। সত্তরের নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সুতরাং দেশ পরিচালনায় ছিল তাদের ন্যায্য হক। তাদের কজন স্বাধীনতা চেয়েছিল?’

হুজুরের সেই প্রশ্নে অনেকেই তখন নড়েচড়ে বসেছেন। অনেকে বললেন, নির্বাচনে হেরে গেলে পাকিস্তানিরা যে আমাদের হাতে ক্ষমতা দেবে না, সেটি তো আমরা অনেকেই ধারণা করেছিলাম। তখন ভাসানী আবার পাল্টা প্রশ্ন করলেন, আমাদের হাতে ক্ষমতা না দিলে আমরা কী করব, সে চিন্তা বা ন্যূনতম প্রস্তুতি কি আমাদের ছিল? পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে আমরা কজন স্বাধীনতা সংগ্রামের কথা আগে থেকে ভেবেছিলাম? স্বাধীনতা কিংবা মুক্তিসংগ্রামী কথা বামপন্থি কিংবা প্রগতিশীলরা মুখে বললেও বাস্তবে তাদের কোনো প্রস্তুতি ছিল না। সে কারণে পাকিস্তানি বাহিনীর হামলার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিরাপদ আশ্রয়ের কথা ভাবতে হয়েছে। সশস্ত্র সংগ্রামের জন্য আমাদের ন্যূনতম কোনো প্রশিক্ষণ বা প্রস্তুতি ছিল না। না ছিল অর্থবিত্ত, না ছিল অস্ত্রশস্ত্র। ভাসানী সাহেবের সে কথায় দু-একজন তাৎক্ষণিকভাবে প্রশ্ন তুলেছিলেন, প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে গিয়ে আমরা কি বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ আমাদের অজান্তে তাদের হাতে তুলে দিইনি? মরতে হয় দেশের মাটিতেই সশস্ত্র সংগ্রাম করে মরতাম, তবু ভারতের মাটিতে আশ্রয় না নিতাম। শুধু নারী, শিশু, বৃদ্ধ কিংবা দুর্বলদের দেশত্যাগ করার বাধা না দিয়ে বাধা দেওয়া উচিত ছিল তরুণ, যুবক কিংবা সামর্থ্যবানদের।

মওলানা ভাসানী বললেন, ‘যুব সম্প্রদায়ের মুক্তিকামী মানুষকে দেশের মাটিতেই গেরিলা কায়দায় সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করা উচিত ছিল। তাতে সংখ্যার দিক থেকে মৃতের তালিকা দীর্ঘ হলেও সে অর্জিত স্বাধীনতা হতো সব বিতর্ক বা প্রশ্নের ঊর্ধ্বে। সে সংগ্রাম দীর্ঘস্থায়ী হলেও তাতে অন্যের প্রভাব-প্রতিপত্তি, আধিপত্য কিংবা শোষণ-শাসনের সম্ভাবনা থাকত কম। সে অবস্থায় প্রকৃত অর্থে দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা সম্ভব হতো। দেশের প্রত্যেকটি নাগরিক হতো আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।

এ কথা ঠিক যে, দেশের প্রগতিশীল ধারার নাগরিকরা পাকিস্তানের শাসন ক্ষমতার দুর্বল ও অনির্ভরযোগ্য নিয়ন্ত্রক বা পরিচালনাকারী হওয়ার চেয়ে স্বাধীন বাংলাদেশের মালিক হতে চেয়েছিলেন অনেক বেশি। তারা এক কর্তৃত্ববাদের পরিবর্তে অন্যের তাঁবেদার হওয়ার পক্ষপাতী ছিলেন না। তাছাড়া অনাদিকাল থেকে বাংলাদেশ স্বাধীনতা কিংবা স্বশাসন ভোগ করার মর্যাদা পেয়ে এসেছে। সেসব শাসনতান্ত্রিক ও কৃষ্টি-সংস্কৃতিগত দিক থেকে বাংলাদেশ বহু আগে থেকেই একটি পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পক্ষপাতী ছিল। কাশ্মীর, হায়দরাবাদ, জুনাগড়সহ ১৯৪৭-পরবর্তী ভারতের স্বাধীন রাজ্যগুলোর ভাগ্যে কী ঘটেছে, বাংলাদেশের নাগরিকরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে। কিন্তু সত্তর কিংবা একাত্তরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সেটি বুঝতে সক্ষম হয়নি। অনেকে মনে করেন, আওয়ামী লীগের তৎকালীন পাতি বুর্জোয়া নেতৃত্ব কখনো সশস্ত্র সংগ্রামের উপযোগী ছিলেন না। সে কারণে তারা শুধু বারবার নেতৃত্বই হারায়নি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও বিপন্ন করে তুলেছে। এ বিষয়টি মওলানা ভাসানীর মতো খুব কম বাঙালি মুসলমান নেতারাই বুঝতে সক্ষম হয়েছিলেন। সে কারণে ২৫ মার্চের পর কোনো অবস্থাতেই মওলানা ভাসানী দেশত্যাগের পক্ষপাতী ছিলেন না। কিন্তু শেখ মুজিবুর রহমানও অন্য আওয়ামী লীগ নেতাদের সৃষ্ট পরিস্থিতি তাকে সে অপছন্দের কাজটি করতে বাধ্য করেছিলেন। তখন মওলানা ভাসানী পাকিস্তানিদের হাতে বাংলাদেশে ধরা পড়লে কিংবা বন্দি হলে মন্দের ভালো স্বাধীনতাযুদ্ধ যতটুকুই সম্পন্ন হয়েছে, সেটিও হতো না। তবে মুক্তিযুদ্ধকালীন ৯টি মাস তিনি কোনো মতেই ভারতে অবস্থান নেওয়ার পক্ষপাতী ছিলেন না। একাত্তরের পর জীবদ্দশায় এ কথাটি তিনি বারবার অনেকের কাছে বলেছেন। কখনো কখনো ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘তাদের (আওয়ামী লীগ) মাথায় সেদিন যেমন রাজনীতি ছিল না, তেমনি স্বাধীনতার জন্য নিজ ভূমিতে থেকে কীভাবে সশস্ত্র লড়াই করতে হয়, তাও জানা ছিল না। সে কারণে তারা সব জাতিকে এক অনিশ্চিত পরিস্থিতির কাছে জিম্মি করে ফেলেছিল, যা থেকে আজও সম্পূর্ণভাবে আমরা মুক্ত হতে পারিনি।’

আজকের স্বাধীন বাংলাদেশ, তার পূর্ববর্তী পাকিস্তান কিংবা এই উপমহাদেশের সামগ্রিক রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের এক অবিসাংবাদিত নেতা ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার সারাটা জীবনই ছিল একটা সামগ্রিক আন্দোলনের ধারাবাহিকতা। মওলানা ভাসানীর ছিয়ানব্বই বছরের জীবনে সে আন্দোলন-সংগ্রামের কোনো যতি-বিরতি ছিল না। কখনো প্রতিবাদী কৃষক সমাবেশ, কখনো শ্রমিক বিক্ষোভ, আবার কখনো রাষ্ট্রীয় পর্যায়ে গণআন্দোলন বা অভ্যুত্থানের উত্তাল তরঙ্গ সৃষ্টি করাই ছিল তার প্রাত্যহিক জীবনের রোজনামচা। তার কাছে সেটাই ছিল একটি সংগ্রামী জীবনের অন্তর্নিহিত রাজনৈতিক দর্শন। ১৯৪৭ সালের ভারত বিভক্তি ও পাকিস্তান অর্জনের পরও আন্দোলন-সংগ্রামের ক্ষেত্রে কোনো বিরতি ছিল না গণআন্দোলনের অগ্নিপুরুষ মওলানা ভাসানীর জীবনে। তৎকালীন পূর্ব পাকিস্তান কিংবা একাত্তরে অর্জিত স্বাধীনতার পরও বাঙালির বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন কিংবা পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে উনসত্তরের গণঅভ্যুত্থানে ভাসানীর অগ্নিগর্ভ আন্দোলনের স্বরূপ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। জীবনসায়াহ্নে এসেওÑঅর্থাৎ ১৯৭৬ সালে ১৬ মে তার মৃত্যুর আগে ভাসানী ফারাক্কা বাঁধ নিয়ে এক ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত বড় দেশ হিসেবে প্রতিবেশীদের ওপর সার্বিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়। সে কারণেই অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা পাকিস্তান থেকে বের হয়ে এসেছি ভারতের পেটে ঢোকার জন্য নয়।’ তাছাড়া সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সামন্তবাদ ও সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে তার বক্তব্য ও লড়াই ছিল আপসহীন। সে কারণে গণমাধ্যম তাকে অনেক সময় আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার শোষিত, নির্যাতিত এবং বঞ্চিত মানুষের একজন দরদি নেতা ও নির্ভরশীল বন্ধু বলে আখ্যায়িত করেছে। মওলানা ভাসানীর মতো প্রতিবাদী নেতা এই উপমহাদেশের ইতিহাসে খুব কমই দেখা যায়। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে মওলানা ভাসানী গঠন করেছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা তৎকালীন মুসলিম লীগের তাঁবেদারির রাজনীতির জন্য এক মহাবিপর্যয় ডেকে এনেছিল। তিনি পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের কবর রচনা করেছিলেন ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে। কিন্তু ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ দলের ভেতর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী চুয়ান্ন-পরবর্তী সময়ে ক্ষমতার প্রশ্নে পাকিস্তানি কায়েমি স্বার্থবাজদের সঙ্গে হাত মেলান। ভাসানী তার বিরোধিতা করেন তীব্রভাবে এবং শেষ পর্যন্ত তিনি নীতির প্রশ্নে নিজের প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি কখনো পশ্চিমা সাম্রাজ্যবাদ থেকে শুরু করে ভারতীয় আধিপত্যবাদসহ কারো সঙ্গে নীতির প্রশ্নে আপস করেননি। মওলানা ভাসানী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অতি সাধারণ মানুষের ন্যায়সংগত অধিকার আদায় এবং একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য তিনি যেমন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তেমনি ভারতীয় শোষণ-শাসন কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সে কারণেই তিনি মুক্তিসংগ্রামের সময় ভারতে আশ্রয় নেওয়ার বিরুদ্ধে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাকে এ ব্যাপারে বাধ্য করলেও তিনি কখনো বাংলাদেশিদের স্বার্থ আদায়ের সংগ্রামের সঙ্গে আপস করেননি। এ মহান নেতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভাসানী স্মৃতি অমর হোক।

লেখক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...