ফরাসি দার্শনিক রুশো তার ‘দ্য সোশ্যাল কনট্রাক্ট’ গ্রন্থে লিখেছেন, ‘জোর জবরদস্তি বা ভয় দেখিয়ে কখনোই বৈধ রাজনৈতিক অবস্থান তৈরি করা যায় না। নিজ দেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস চালানো কোনো রাজনীতি নয়, তা শুধুই আত্মবিনাশ।’ সেই আত্মবিনাশী পথই বেছে নিয়েছে প্রবল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডকেই রাজনীতিতে ফেরার অবলম্বন করেছে বলে মনে হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। গত সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদরসহ পুরো জেলায় টানা সহিংসতা চালিয়েছেন দলের নেতাকর্মীরা। তাদের সন্ত্রাসের আগুনে কয়লা হয়ে জেলার থানাগুলোর কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, কেএম বাবর ও এসএম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও বিজিবির গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাম দা, দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোঁটা হাতে বিভিন্ন সড়ক অবরোধ করায় খুলনা এবং বাগেরহাট থেকে ঢাকার বাস যোগাযোগ বন্ধ থাকে ওই সময়।
গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে, সেটাকে এককথায় নারকীয় সন্ত্রাস ও পৈশাচিক উল্লাস বলা চলে। এ ধরনের সহিংসতা ও নাশকতার রাজনীতির ফলাফল শেষ পর্যন্ত যে আত্মঘাতীই হয়, তা বলাই বাহুল্য। আওয়ামী লীগের নাশকতার মধ্যে দলটির কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার প্রতিক্রিয়ায় এই হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা বোঝা যায়। পাল্টাপাল্টি হামলা ও আগুনের ঘটনা গোপালগঞ্জের বাইরেও বিস্তৃত হতে দেখা গেছে। বিচ্ছিন্নভাবে অন্তত ২০ জেলায় বোমাবাজি ও সহিংসতার ঘটনা ঘটেছে।
পাবনায় কয়েক দিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলছে। নড়াইলে বিএনপির দুই নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তার প্রতিক্রিয়ায় সেখানে আওয়ামী লীগের সাবেক, পৌর মেয়রসহ অন্তত ২০টি বাড়ি আক্রান্ত হয়েছে। সেখানে অর্ধশতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও কয়েকটিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। যাকে ভারতীয় মিডিয়া ও বাংলাদেশের আওয়ামী লেসপেন্সাররা সংখ্যালঘুর বাড়িতে হামলা হিসেবে মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। এর আগে ফরিদপুরে আরেক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। এছাড়া আওয়ামী নাশকতায় পৃথকভাবে এক বাসচালক ও হেলপার জীবন্ত পুড়ে কয়লা হয়েছে। পাঁচটি তাজা প্রাণ এক সপ্তাহের মধ্যে কেড়ে নিয়েছে আওয়ামী আগুন-সন্ত্রাসীরা।
চব্বিশের অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি একই সঙ্গে বাংলাদেশের রাজনীতি থেকেও বহুদূরে ছিটকে পড়েছে। তাদের সন্ত্রাস ও নিপীড়ননির্ভর রাজনীতি প্রতিরোধে জনদাবির মুখে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তখন থেকেই বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারা হুংকার দিচ্ছিলেন, আওয়ামী লীগ ভয়ংকর রূপে ফিরবে। কিন্তু সেই ভয়ংকর রূপ যে এত সহসা দেখা যাবে, তা অনেক রাজনীতি-বিশ্লেষকই হয়তো ভাবতে পারেননি। বিশ্লেষকদের ধারণা ছিল ড. ইউনূস সরকারের ব্যাপারে তাদের প্রচণ্ড ক্ষোভ থাকলেও নির্বাচিত সরকারকে তারা সময় দিয়ে ধীরে ধীরে রাজনৈতিক অবস্থানকে সংহত করবে। দেড় দশকের অপশাসন, লুটপাট, নিপীড়ন, খুন-গুম, আয়নাঘরের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে অনুতাপ প্রকাশ করবে। জুলাই আন্দোলনে গণহত্যার জন্য ক্ষমা চাইবে। ত্রিশ হাজারের মতো আহতের শরীর-মনের দগদগে ঘা শুকাতে সময় দেবে। কিন্তু পতিত ফ্যাসিস্ট দলটির কাছে এসব প্রত্যাশা দুরাশায় পর্যবসিত হয়েছে। তারা বরং সন্ত্রাস-নৈরাজ্যে ভর করে দ্রুতই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে। অস্বাভাবিক একটি পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে এবং নিরীহ নেতাকর্মীদের তা দেখিয়ে বিভ্রান্ত করছে।
পলাতকরা বিদেশে লুটের অর্থে ভোগবিলাসে থেকে দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের স্বপ্ন দেখাচ্ছে শিগগির ফিরে আসার। তারা সাধারণ নেতাকর্মীদের বোঝাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল ও অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আরেকটি ওয়ান-ইলেভেনের মতো সেনাসমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে এবং সবার অংশগ্রহণে আগামী বছর আরেকটি নির্বাচন দেবে। সে নির্বাচনে আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তায় ভর করে আবার ক্ষমতায় ফিরবে। আর ক্ষমতায় গিয়ে কড়াগণ্ডায় প্রতিশোধ নেবে। তালিকা ধরে ধরে সবাইকে শায়েস্তা করবে। বিভিন্ন অনলাইন সভায় এমনটাই নেতাকর্মীদের গেলাচ্ছে বিদেশে পলাতকরা।
প্রবাদ আছে, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’। আওয়ামী লীগের নেতাদের অবস্থা হয়েছে ‘মাঠে সন্ত্রাস গোঁফে তেল’। তারা এখনো অনুধাবন করছে না যে ২০০৬ আর ২০২৬-এর ব্যবধান কুড়ি বছরের। এর মধ্যে নতুন প্রজন্ম সাবালক হয়েছে, তারা আওয়ামী লীগকে চিনেছে লুটেরা, নিপীড়ক, গুম-খুন করে গদি টিকিয়ে রাখা রাজনৈতিক অপশক্তি হিসেবে। জেন-জিরা আওয়ামী লীগকে শুধু ক্ষমতা থেকেই উৎখাত করেনি, তাদের অসীম ক্ষমতাধর নেত্রী ও নেতাদের দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করেছে।
আওয়ামী লীগের নেত্রী দিল্লিতে পলায়নের পর ২৮ মাস ধরে যতগুলো অডিও বক্তব্য দিয়েছেন, প্রায় প্রত্যেকটিতে সেনাবাহিনীসহ গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা পালনকারীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছেন। তিনি বলছেনÑসব তালিকা করে রাখছেন। প্রত্যেকের ভূমিকার হিসাব নেবেন। তার প্রতিশোধপরায়ণ রাজনীতি যে কতটা নিষ্ঠুর ও ভয়াবহ হতে পারে, এর তরতাজা স্মৃতি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মানসপটে জ্বলজ্বল করছে। অতএব কোন সমীকরণে আরেকটি ওয়ান-ইলেভেন টাইপের ঘটনা ঘটিয়ে তাকে স্বাগত জানাবে? কেউ কি জেনে-বুঝে নিজের জীবনকে বিপন্ন করে? বর্তমানে সামরিক-বেসামরিক যে প্রশাসন আছে, শেখ হাসিনা ফিরলে তাদের পরিণাম কী হবে, তা না বোঝার মতো এতটাই নির্বোধ তারা? অর্বাচীন ও আবেগী নেতাকর্মীরা বিশ্বাস করতে পারেন, স্বপ্নবিলাসী হতে পারেন, কিন্তু ক্ষমতার নিয়ামক কোনো শক্তিই এখন শেখ হাসিনা বা তার ছায়াকেও বাংলাদেশে প্রাসঙ্গিক করে নিজেদের ঝুঁকিতে ফেলবেন না।
ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে দেখা যায়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সহিংসতা বা সন্ত্রাসের পথ বেছে নিয়ে কোনো রাজনৈতিক দলের দীর্ঘ মেয়াদে জনসমর্থন বা মূলধারার রাজনীতিতে টেকসইভাবে ফিরে আসার উদাহরণ বিরল।
গণঅভ্যুত্থান সাধারণত ঘটে যখন কোনো শাসকগোষ্ঠী জনগণের কাছে সম্পূর্ণরূপে তার বৈধতা হারায়। এরপর সহিংসতার আশ্রয় নিলে জনবিচ্ছিন্নতা আরো বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসোলিনির পতনে তার অনুসারীরা ‘ইতালীয় সোশ্যাল মুভমেন্ট’ গঠন করে। ষাট ও সত্তরের দশকে এই দলের কিছু উগ্র অংশ বোমা হামলা ও রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে পড়ে। কিন্তু সহিংসতার কারণে তারা মূলধারার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। দীর্ঘকাল পর নব্বইয়ের দশকে দলটি সহিংসতা ও ফ্যাসিবাদী আদর্শ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে গণতান্ত্রিক ধারায় ফেরার ঘোষণা দেওয়ার পরই শুধু জোট সরকারে অংশ নেওয়ার সুযোগ পায়।
১৯৭৯ সালে সান্দিনিস্তা বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক সোমোজার পতন ঘটে। এরপর সোমোজার অনুসারী ও সাবেক ন্যাশনাল গার্ডের সদস্যরা ‘কন্ট্রা’ নামক সশস্ত্র গোষ্ঠী গঠন করে গেরিলা হামলা ও সন্ত্রাসী কার্যক্রম চালায়। বৈদেশিক মদতে তারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে সক্ষম হলেও এককভাবে জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরতে পারেনি; পরে শান্তিচুক্তি ও নির্বাচনের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়।
২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাথ পার্টির অনেক নেতা আত্মগোপনে গিয়ে সশস্ত্র বিদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এই সহিংসতার মাধ্যমে তারা ইরাকে চরম অস্থিতিশীলতা তৈরি করলেও এখনো পর্যন্ত মূলধারার বৈধ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারেনি, বরং আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইতিহাসে যেসব দল বা নেতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েও পরে রাজনীতিতে ফিরে এসেছেন (যেমন—ফিলিপাইনের মার্কোস পরিবার বা থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রার দল), তারা সন্ত্রাসের পথ বেছে নেননি; বরং দীর্ঘ সময় অপেক্ষা করে আইনি লড়াই, রাজনৈতিক কৌশল এবং জনমত গঠনের মাধ্যমেই ফিরে এসেছেন।
কয়েক দিনের আওয়ামী সন্ত্রাস, বিশেষ করে গোপালগঞ্জের তাণ্ডব সরকার যেভাবে হ্যান্ডেল করেছে বা এখনো করছে, এর পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। তবে প্রতিটি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। সহিংস ঘটনায় আইজিপির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। তিনি যেভাবে বলেছেন, গোপালগঞ্জের মানুষ না চাইলে পুলিশ বাহিনী সেখানে কাজ করবে না। তাদের আইনশৃঙ্খলা তারাই দেখুন। এটা আইজিপির চেয়ারের সঙ্গে যায় কি না, সেই প্রশ্ন জোরালোভাবেই তোলা যায়। গোপালগঞ্জের মানুষ তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল দেখতে চায়। তা-ও কি মেনে নেবেন আইজিপি? প্রায় পাঁচটি প্রাণ ক্ষয় হয়েছে। থানা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হাসপাতাল আক্রান্ত হয়ে বন্ধ হয়ে গেছে। এক হিসেবে ৮০টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। হাসপাতাল, যানবাহন, দোকানপাটে আগুন দেওয়া বা ভাঙচুর করার রেশ বহু পরিবারের ওপর পড়ে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে তিন দিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে লাখো মানুষ চরম ভোগান্তির শিকার হয়। একইভাবে ককটেল বিস্ফোরণ শুধু আতঙ্ক ছড়ায় না, নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকিও তৈরি করে। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কোনো দলের থাকতে পারে না।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব নাশকতার লক্ষ্য শুধু গণপরিবহনেই সীমাবদ্ধ থাকছে না; পুলিশের স্থাপনাও হামলার শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার জন্য সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তা অবশ্যই আইন ও জননিরাপত্তার সীমার মধ্যে হওয়া উচিত। কিন্তু কোনো কর্মসূচিকে কেন্দ্র করে যদি ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে, তাহলে সেটিকে সাধারণ রাজনৈতিক প্রতিবাদের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। মানুষের সম্পদ ধ্বংস করে, যানবাহনে আগুন দিয়ে কিংবা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি করে। সংশ্লিষ্ট দলের রাজনীতির জন্য বুমেরাং হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের পন্থা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। শুধু এক রাজনৈতিক দলের সন্ত্রাসের জবাব অন্য রাজনৈতিক দল একই উপায়ে দেওয়ার বিষয় নয়। এর একটি পক্ষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে আইনসংগত উপায়ে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। তা না হলে পাল্টাপাল্টি সন্ত্রাস, আগুন ও সহিংস উপায় প্রতিরোধ-প্রতিশোধ সামাজিক শৃঙ্খলাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেবে। নৈরাজ্যের বিস্তৃতি ঘটাবে। আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সৃষ্টি করবে।
সহিংসতার জবাবে পাল্টা সহিংসতা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনা বাঞ্ছনীয়। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি । নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। কারা অর্থায়ন করছে, কারা নির্দেশনা দিচ্ছে, কারা বিস্ফোরক ও দাহ্য পদার্থ সংগ্রহ করছে এবং কারা মাঠপর্যায়ে এসব ঘটনা বাস্তবায়ন করছে, প্রতিটি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তারের ক্ষেত্রে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। কেননা, বলপ্রয়োগের মাত্রায় বাড়াবাড়ি হলে সেটি সহিংসতা যে ছড়িয়ে দেয়, এমন নজির আমাদের ইতিহাসেই রয়েছে। পাল্টা সহিংসতা এড়িয়ে চলমান সহিংসতা ও নাশকতা থামানো এবং জনমনে তৈরি হওয়া শঙ্কা ও উদ্বেগ কাটানোর কঠিন কাজটি সরকারকে করতে হবে। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধৈর্য, সংযম ও বিচক্ষণতার সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পথ খুঁজতে হবে।
ফরাসি দার্শনিকের রুশোর মতামত দিয়ে শুরু করেছিলাম। রাষ্ট্র ও সমাজবিজ্ঞানীরা সন্ত্রাসনির্ভর রাজনীতি কীভাবে দেখেছেন, তার আরো কয়েকটি উদ্ধৃতি দিয়ে এ নিবন্ধের ইতি টানতে চাই। জার্মান-আমেরিকান দার্শনিক ও রাষ্ট্রতাত্ত্বিক হান্না আরেন্ডট তার ‘অন ভায়োলেন্স’ গ্রন্থে উল্লেখ করেছেন, যখন কোনো শাসক বা গোষ্ঠী জনসমর্থন হারায়, তখনই তারা সহিংসতার আশ্রয় নেয়, যা মূলত তাদের দুর্বলতারই প্রকাশ। তিনি আরো লেখেনÑ‘সন্ত্রাস হলো দুর্বলের অস্ত্র, যারা যুক্তিতে বা জনসমর্থনে জিততে পারে না, তারাই ভয় দেখিয়ে শাসন করতে চায়।’ আর জার্মান সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে, ‘সহিংসতার মাধ্যমে যা অর্জিত হয়, তা শুধু সহিংসতার মাধ্যমেই টিকিয়ে রাখতে হয়; এর কোনো স্থায়িত্ব নেই।’
পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এখন যে দেশে আশ্রয়ে আছেন, সে দেশের জাতির পিতা কী বলেছেন সেটি দেখা যাক। অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধী সহিংস রাজনীতিকে আত্মঘাতী বলে অভিহিত করেছেন।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক শক্তি যদি আত্মসমালোচনা, অনুশোচনা ও ভুলের জন্য ক্ষমা চাওয়ার বদলে সন্ত্রাস বা নাশকতার পথ বেছে নেয়, তবে তা তাদের রাজনৈতিক পুনর্বাসনের পথকে আরো রুদ্ধ ও কঠিনতর করে দেয়।
লেখক: যুগ্ম সম্পাদক, আমার দেশ ও রাজনীতি বিশ্লেষক
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






